মার্কিন ভিসা বাতিল নিয়ে ক্ষুব্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো
আন্তর্জাতিক ডেস্ক
নতুন পয়গাম, নিউ ইয়র্ক
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের নেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, এ পদক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ওয়াশিংটন।
গত শুক্রবার নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে যোগ দিয়ে পেত্রো মার্কিন সেনাদের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ না মানার আহ্বান জানান। এর পরপরই যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তাঁর ভিসা বাতিল করা হবে।
“এখন থেকে আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা নেই; কিন্তু আমি পরোয়া করি না। আমার ভিসার দরকার নেই…আমি শুধু কলম্বিয়ার নাগরিক নই, ইউরোপেরও নাগরিক। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ মনে করি।”
— গুস্তাভো পেত্রো
“(গাজায় ইসরায়েলের) জাতি হত্যার নিন্দা জানানোয় ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে, তারা আর আন্তর্জাতিক আইনকে সম্মান করছে না।”
— গুস্তাভো পেত্রো
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় সবাই বাস্তুচ্যুত। একাধিক আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞ এটিকে ‘জাতি হত্যা’র শামিল বলে মনে করছে।
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে পেত্রো আরও বলেন—
“মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। ট্রাম্পের আদেশ না মেনে মানবতার আদেশ মানুন।”
— গুস্তাভো পেত্রো
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া—
“বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর মার্কিন ভিসা বাতিল করা হচ্ছে।”
— মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
জবাবে কলম্বিয়ার পক্ষ থেকে বলা হয়—
“যেখানে জাতিসংঘ তার সদস্যরাষ্ট্রগুলোর মতপ্রকাশের অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দেয়, সেখানে কূটনৈতিক অস্ত্র হিসেবে ভিসা বাতিল করা এ সংস্থার চেতনার পরিপন্থী।”
— কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়








