সেনাপ্রধানের বই নিয়ে লোকসভায় ফের বিতণ্ডা
নতুন পয়গাম, নয়াদিল্লি: প্রাক্তন সেনাপ্রধানের প্রকাশিত হতে চলা বই নিয়ে ফের বিতর্ক ও বিতণ্ডা দেখা গেল সংসদে। যার জেরে মঙ্গলবার লোকসভার অধিবেশন সাময়িক স্থগিত হয়ে যায়। সভা ফের শুরু হলে মনিকম টেগোর, অমরিন্দর সিং, হিবি এডেন, এস বেঙ্কটেশন প্রমুখ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। ফলে সভা ফের ভেস্তে যায় সারাদিনের জন্য।
উল্লেখ্য, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবারও ইন্দো-চীন সীমান্ত উত্তেজনা সম্পর্কে বলতে উঠলে আপত্তি জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
আগের দিন সোমবার প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের লেখা বই ‘ফোর স্টারস অব ডেসটিনি’-র অংশবিশেষ পড়ে শোনান রাহুল গান্ধী। এমতাবস্থায় লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে বাধা দিয়ে বলেন, যে বই এখনও প্রকাশিত হয়নি, তা থেকে উদ্ধৃতি দেওয়া যায় না। রিজিজু অধ্যক্ষের সেই নির্দেশের উল্লেখ করে এদিন বলেন, একবার যা নিষেধ করা হয়েছে, ফের সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত নয়।
উল্লেখ্য, রাহুল এদিন ‘ক্যারাভান’ ম্যাগাজিনে প্রকাশিত ওই বইয়ের একটি অংশকে স্বীকৃতিযোগ্য দাবি করে বলতে চেয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের এক পর্যায়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। বিষয়টি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত। তাই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব বিষয়ক আলোচনায় বিষয়টি বলা হচ্ছে। কিন্তু বিষয়টি এত সহজে শেষ হবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এর জল অনেক দূর গড়াবে।








