ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ
গুরুতর আহত আইএসএফ নেতা অহিদুল ইসলাম সহ দুজন
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
ভাঙড়ে ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাঙড়ের কাটাডাঙ্গা গ্রাম। বুধবার রাত ৮টা নাগাদ তৃণমূল কংগ্রেস ও আইএসএফ এর সংঘর্ষে গুরুতর জখম হলেন আইএসএফ-এর পঞ্চায়েত সমিতির সদস্য অহিদুল ইসলাম। ঘটনায় আরও দুই আইএসএফ কর্মী ও তিনজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর।
ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভার অন্তর্গত ভোগালি 2 নং অলচলের কাটাডাঙ্গা গ্রামে, যা আহত আইএসএফ নেতা অহিদুল ইসলামের নিজের গ্রাম। অভিযোগ, সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী অহিদুল ইসলামের উপর আচমকাই হামলা চালায়। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জিওনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার পর উভয় পক্ষ থেকেই কাশিপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। আইএসএফের দাবি – – গত কয়েকদিন ধরেই অহিদুল ইসলামকে লক্ষ্য করে পরিকল্পিত হামলার ছক কষা হচ্ছিল। তিনি ভাঙড়ে সংগঠনকে মজবুত করছেন। তাঁকে সরিয়ে দিলে সংগঠনে বড় ধস নামবে – – এই আশঙ্কা থেকেই এই আক্রমণ।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের তরফে বলা হয়েছে – -আইএসএফ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। বরং আমাদের কর্মীদেরই মারধরের চেষ্টা হয়েছে। অহিদুল ইসলাম ও তার লোকজন পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে।
ভাঙড়ে এর আগেও একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থেকেছে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।








