আহত খগেন মুর্মুকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি:
সোমবার নাগরাকাটায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। মঙ্গলবার দুপুরে তাঁকে দেখতে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে মুখ্যমন্ত্রীর এই সফর অনেকের কাছেই এক মানবিক উদ্যোগ হিসেবে ধরা পড়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই সাক্ষাৎকে “রাজনৈতিক নাটক” বলে কটাক্ষ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন দুধিয়ায় নির্ধারিত বন্যা দুর্গত পরিদর্শন বাতিল করে সরাসরি শিলিগুড়ি পৌঁছান। হাসপাতালে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “খগেনের সঙ্গে কথা হয়েছে, উনি এখন স্থিতিশীল। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।” তিনি আরও জানান, “উনার ডায়াবেটিস আছে, মাত্রা একটু বেশি ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। কানের নিচে ও মুখের হাড়ে আঘাত লেগেছে। চিকিৎসকরা নজর রাখছেন।”
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মিরিকের উদ্দেশ্যে রওনা দেন।
ঘটনার সুত্রপাত; সোমবার নাগরাকাটার বামনডাঙা এলাকায় বন্যাদুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় কিছু বিক্ষোভকারীর আক্রমণের মুখে পড়েন তাঁরা। গাড়ি থেকে নেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করতেই সাংসদের মুখের নিচে ছোড়া একটি বস্তু এসে লাগে। গুরুতর আহত হন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংসদের চোখের নিচের হাড় ভেঙে গেছে, চোখ থেকে নাক পর্যন্ত গভীর আঘাতের চিহ্ন। প্রথমে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে, পরে আরও দুটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। মুখে পাত বসানোরও প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সাংসদের ছেলের সঙ্গে চিকিৎসকদের আলোচনাও হয়েছে।








