সাগরদিঘীতে সবুজ বার্তার ৫ম বর্ষপূর্তি উদযাপন
নতুন পয়গাম, সাগরদিঘী:
শনিবার সাগরদিঘীর কাবিলপুর হাই স্কুলের সত্য চন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সবুজ বার্তার ৫ম বর্ষপূর্তি উদযাপন ও বর্ষপূর্তি সংখ্যার প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান।
শচীন পালের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় এদিনের জমকালো অনুষ্ঠানের। সন্ধ্যাকালীন সাংস্কৃতিক মূলক নানা আয়োজনের মধ্যে দিয়ে বর্ষপূর্তির আবহ ভরে ওঠে। অতিথিদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এবং কবি ও সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমান। এছাড়াও অভিনেতা রবিন দত্ত, মহ: আশাদুল্লাহ, ওবাইদুর রহমান, আব্দুস সালাম, মনিরুজ্জামান (বিটু), মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন কবি-সাহিত্যিকরা অনুষ্ঠানে যোগদান করেন।
সবুজ বার্তার সম্পাদক রহমতুল্লাহ তাঁর বক্তব্যে জানান, ২০২০ সালে ভয়ঙ্কর করোনা মহামারির সময়ে কিভাবে পত্রিকার পথ চলা শুরু হয়েছিল এবং আজ ৫ বছর পূর্তিতে তা কেবল একটি পত্রিকা নয়, বরং সমাজের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সবুজ বার্তার লক্ষ্য আগামী দিনে আরও ব্যাপক পরিসরে পাঠকদের কাছে পৌঁছানো এবং নতুন প্রজন্মকে সৃজনশীলতার সাথে যুক্ত করা।








