বীরভূম জেলা স্কুলের ১৭৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
নতুন পয়গাম, বীরভূমঃ
বীরভূম জেলা স্কুলের ঐতিহ্যময় যাত্রা শুরু হয়েছিল ১৮৫১ সালের ৯ ডিসেম্বর। সময়ের স্রোত পেরিয়ে আজ ২০২৫ সালের ৯ ডিসেম্বর, এই প্রাচীন বিদ্যালয় পদার্পণ করল গৌরবময় ১৭৫তম বর্ষে।
১৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ।
সংস্থার দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানাতে ১৭৫টি প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব পালন করা হয়। প্রতিটি প্রদীপ যেন তুলে ধরল বিদ্যালয়ের একেকটি উজ্জ্বল অধ্যায়, প্রাক্তনদের সাফল্য, শিক্ষকদের নিবেদন এবং বর্তমান ছাত্রছাত্রীদের স্বপ্নকে।
এরপর কাটা হয় ১৭৫ বছর পূর্তির বিশেষ কেক, যেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ। সবার চোখে মুখে ছিল গর্বের উজ্জ্বলতা, কারণ এই প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয়, গড়ে তুলেছে সুশীল সমাজ, তৈরি করেছে মূল্যবোধ, চরিত্র ও নেতৃত্ব।
১৭৫ বছরের এই অনন্য মাইলফলকে-
শুভেচ্ছা জানাই বীরভূম জেলা স্কুলের প্রতিটি সদস্যকে।
অতীতের গৌরবকে সঙ্গে নিয়ে আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে হেঁটে চলুক এই বিদ্যালয়।








