আরামবাগে যাত্রাগুরু অশ্বিনীকুমারের ১১০তম জন্মদিবস পালন
নতুন পয়গাম, অতসী মণ্ডল , আরামবাগ: প্রখ্যাত যাত্রাশিল্পী অশ্বিনীকুমারের ১১০তম জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার আরামবাগে একটি স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অশ্বিনীকুমার স্মৃতিরক্ষা কমিটি ও আরামবাগ নাগরিক সমাজের যৌথ উদ্যোগে বিকেল ৩টেয় আরামবাগ অশ্বিনী মোড় (বাসুদেবপুর মোড়) এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে সংগীত পরিবেশনের পর অশ্বিনীকুমারের মূর্তিতে মাল্যদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন মান্না। এরপর পর্যায়ক্রমে মাল্যদান করেন অনুষ্ঠানের সভাপতি হরিপ্রসাদ মেদ্যা, স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক শৈলেন সরকার, দেবাংশু চক্রবর্তী, প্রাক্তন অধ্যাপক স্বপন কুমার লাহা, অশ্বিনীকুমারের কনিষ্ঠ পুত্র ও অশ্বিনীকুমার সাহিত্য পরিষদ (আন্তর্জাতিক)-এর সাধারণ সম্পাদক দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আনন্দ মোহন্ত, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা যাত্রা ও নাট্যশিল্পের বর্তমান পরিস্থিতি, তার পরিবর্তন এবং ভবিষ্যৎ উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। নাট্যকর্মী দিলীপ সাহা তাঁর বক্তব্যে যাত্রা ও নাট্যশিল্পের বিকাশে সামাজিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, যাত্রাশিল্পী অশ্বিনীকুমার তাঁর অভিনীত বিপুল সংখ্যক যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে পরিচিতি লাভ করেন। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে আরামবাগসহ বিভিন্ন স্থানে মূর্তি স্থাপন করা হয়েছে এবং প্রতি বছর জন্মদিন উপলক্ষে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।








