মাওলানা তৌকির রাজা-সহ ধৃতদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে: ওয়াহদাতে ইসলামী
নতুন পয়গাম, সাহারানপুর, ৩০ সেপ্টেম্বর:
ওয়াহদাত-এ-ইসলামী হিন্দ-এর সর্বভারতীয় আমীর জিয়াউদ্দিন সিদ্দীকি সরকার ও প্রশাসনের অনুপযুক্ত ও শোভনীয়তাবিহীন মনোভাবকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন, যা হযরত মুহাম্মদ (সা.)-এর ভালবাসার বিষয়ে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর ভালবাসা আমাদের ঈমানের মূল ভিত্তি ও গৌরব। রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি ঈমান ও ভালবাসার প্রকাশ চিরাচরিত এবং তা চিরকাল অব্যাহত থাকবে। সুতরাং এ বিষয়ে কারো পক্ষ থেকে অনুপযুক্ত বা শোভনীয়তাবিহীন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।
ওয়াহদাত-এ-ইসলামী হিন্দের আমীর জিয়াউদ্দিন সিদ্দীকি আরো বলেন, এ বিষয়ে মুসলমানদের প্রতিবাদ ও প্রতিক্রিয়া শান্তিপ্রিয়, সৌজন্যমূলক ও সংযত হওয়া উচিত। কেননা, রাসূল (সা.)-এর সঙ্গে সম্পর্ক এবং তাঁর শিক্ষা ও আদর্শ এটাই দাবি করে। সিদ্দীকি সাহেব এও বলেন, উত্তর প্রদেশের বেরেলীতে প্রশাসন চাইলে পরিস্থিতি আরও ভালভাবে সামলাতে পারত। মাওলানা তৌকির রাজাকে গ্রেফতার করার পরিবর্তে রাষ্ট্রপতির নিকট প্রদানের জন্য স্মারকলিপি তার বাসভবনে গ্রহণ করা যেত। পাশাপাশি, ঐ মুহূর্তেই মাওলানা তৌকির রাজা ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য রাখলে তাদের আবেগ প্রশমিত হত। কিন্তু প্রশাসনের স্বৈরতান্ত্রিক মনোভাব ও পদক্ষেপের কারণে দুষ্কৃতিদের সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, এ ঘটনায় ধৃত সকলকে, বিশেষত মাওলানা তৌকির রাজাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। জনগণ, সরকার ও প্রশাসনের মধ্যে মত প্রকাশ ও বিবেকের স্বাধীনতা অবশ্যই সংরক্ষিত ও বজায় রাখা উচিত।








