আজ শুরু বিএসএল,ফিরবে কি বেঙ্গল ফুটবলের সাপ্লাই লাইন!
স্টাফ রিপোর্টার।
মহাসমারোহে আজ শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ।যা মূলত জেলাভিত্তিক। একটা সময় জেলা লিগ ছিল বঙ্গ ফুটবলের সাপ্লাই লাইন। কিন্তু সেই সোনালী দিন এখন অনেকটাই উধাও। সেই সোনালি দিন আবার ফিরিয়ে আনার স্বপ্ন নিয়েই পথচলা শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগের। রবিবার বিকালে মালদহে মেগা টুর্নামেন্টের উদ্বোধন। প্রথম ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি’র মুখোমুখি মালদহ ও মুর্শিদাবাদ এফসি। প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যকে কোচ করে চমক দিয়েছে উত্তরবঙ্গের দলটি।
পাশাপাশি মালদহ ও মুর্শিদাবাদ দলটি ঢেলে সাজিয়েছেন সৈয়দ রামন। একটা সময় ঘরোয়া লিগে ভবানীপুরে কোচিং করিয়েছেন তিনি। ধুন্ধুমার ডুয়েলের আগে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে মালদহে। আইএফএ সভাপতি ও সচিব হাজির থাকবেন উদ্বোধনে।
অভিষেকেই সাড়া ফেলতে মরিয়া বেঙ্গল সুপার লিগের কর্তারা। ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারেটোকে কোচ করে চমকে দিয়েছে হাওড়া-হুগলি ফ্র্যাঞ্চাইজি। বর্ধমানের কোচ প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দী। বীরভূম ও ক্যানিং ফ্র্যাঞ্চাইজিও শক্তিশালী দল গড়েছে। উল্লেখ্য, বেঙ্গল সুপার লিগের নিয়ম অনুযায়ী প্রথম একাদশে তিনজন বিদেশি ফুটবলার খেলানো যাবে। পাশাপাশি ভিনরাজ্যের জন্যও থাকছে পৃথক স্লট। প্রতিটি ম্যাচই সম্প্রচারের ব্যবস্থা থাকছে।
আজ প্রথম ম্যাচ শুরু বিকেল ৪ টায়।








