জয়নগরে একাধিক দাবিতে ডেপুটেশন জমা দিলেন বিএলও-রা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
সারা রাজ্যে চলমান এসআইআর-এর কাজে যুক্ত হাজার হাজার বিএলও নির্বাচন কমিশনের নিয়ম মেনে দায়িত্ব পালন করলেও নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। সেই সমস্যাগুলির সমাধানের দাবিতে শুক্রবার জয়নগর ১ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন ব্লকের বি এল ওরা।
বি এল ওদের অভিযোগ, কাজের চাপ দিন দিন বেড়েই চলেছে, অথচ প্রয়োজনীয় সহায়তা মিলছে না। তাঁদের দাবি—প্রত্যেক পার্টে একজন করে ডাটা এন্ট্রি অপারেটর ও একজন সহযোগী বি এল ও নিয়োগ করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে অন্তত আংশিক সম্মানিক এবং উপযুক্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে অন ডিউটি সার্টিফিকেট প্রদান জরুরি। অতিরিক্ত কাজের চাপে অতিরিক্ত সময় বরাদ্দেরও দাবি জানান তাঁরা।
জয়নগর ১ নম্বর ব্লকে বর্তমানে প্রায় ২৫০ জন বি এল ও কাজ করছেন। এদিন তাঁরা বিডিও শুভদীপ দাসের হাতে তাঁদের দাবিপত্র তুলে দেন।
বিডিও শুভদীপ দাস জানান, “তাঁরা খুবই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কাজের ক্ষেত্রে কিছু সমস্যার কথা লিখিতভাবে জানানো হয়েছে। দাবিগুলি গ্রহণ করে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে সমাধান পাওয়া যায়।”








