লালগোলায় আলম ফাউন্ডেশনের রক্তদান ও সচেতনতা শিবির
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
সমাজসেবার অনন্য নজির গড়ল আলম ফাউন্ডেশন। বৃহস্পতিবার লালগোলা ব্লকের বাউসি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন ধরে আয়োজিত হলো একাধিক সামাজিক কর্মসূচি। ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চিকিৎসা শিবির, রক্তদান শিবির, সাইবার ও মাদক বিরোধী সচেতনতা শিবির, পরিবেশরক্ষায় চারা বিতরণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে কভার ফাইল প্রদান।
কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন ভগবানগোলা মহকুমার এসডিপিও বিমান হালদার, লালগোলা থানার ওসি অতনু দাস, সমাজসেবী গোলাম রসূল, জালালুদ্দিন মামুন ও গোলাব শেখসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আলম ফাউন্ডেশনের কর্ণধার বাদরুল আলম বলেন, “২০১৮ সাল থেকে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। গ্রামীণ মানুষকে সচেতন করা, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার কাজ ভবিষ্যতেও চলবে।”
এই মহতী উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। দিনভর চলা নানা কর্মসূচি সমাজে মানবিক মূল্যবোধ, সচেতনতা এবং ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।








