বিশ্বকর্মা পুজোয় বিড়ম্বনায় বিশ্বশর্মা কাল্পনিক ভিডিওয় মুসলিমদের হেয়
নতুন পয়গাম, গুয়াহাটি,
১৭ সেপ্টেম্বর: অসমে বিজেপি ক্ষমতায় না থাকলে মুসলিমরা সর্বত্র দাপিয়ে বেড়াত। রাজ্যের শহর-নগর, হাট-বাজার, রাস্তা-ঘাট, স্টেডিয়াম, বিমানবন্দর সব জায়গাতেই দেখা যেত মুসলিমরা পিলপিল বা গিজগিজ করছে। তাদের প্রভাব রাজ্যে ছেয়ে যেত — এমনই এক কাল্পনিক ভিডিয়ো বানিয়ে প্রচার চালাচ্ছে অসমের বিজেপি। ওই ভিডিয়োতে বিজেপি দেখাতে চেয়েছে, বিজেপি এরাজ্যে ক্ষমতায় না থাকলে আসামের দশা এমনটাই হত, যেখানে বকলমে রাজ করত মুসলিমরা।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ তথা বিদ্বেষী ভিডিয়ো। বিজেপির তৈরি এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নানা মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। সাম্প্রদায়িক অপপ্রচারমূলক এই ভিডিয়োর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, বিদ্বেষী ও উস্কানিমূলক ভিডিও বানিয়ে নোংরা জাতপাতের রাজনীতির খেলায় মেতেছে বিজেপি। নিজেদের আখের গোছাতে মানুষকে ভুল বুঝিয়ে রাজ্যের ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে।
রাজ্যের উন্নয়ন, মানুষের জীবন-জীবিকার মতো জ্বলন্ত সমস্যা মোকাবিলায় ব্যর্থ হয়ে ডাবল ইঞ্জিন সরকার আবারো নতুন পাঁয়তারা করছে। তাই বিরোধীদের তোপে পড়েছে বিজেপি ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। স্বভাবতই এমন একপেশে কাল্পনিক ভিডিয়ো বানিয়ে বিশ্বকর্মা পুজোর মুখে বেজায় অস্বস্তি ও বিড়ম্বনায় পড়েছে বিশ্বশর্মা সরকার। বিরোধীরা এও বলছেন, সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছে বিজেপি। এজন্য বিদ্বেষ উস্কে ভোটবাক্সে মেরুকরণের ফায়দা তুলতে মরিয়া বিজেপি।
মাত্র দিন তিনেক আগে অসম সফরে গিয়ে ফের নতুন করে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই ১৫ সেপ্টেম্বর অসম বিজেপির এক্স হ্যান্ডলে এই বিতর্কিত হীন অভিসন্ধিমূলক ভিডিওটি পোস্ট করা হয়, যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই স্বপ্ন কখনও সত্যি হতে দেওয়া যাবে না’। এও লেখা হয়েছে, ‘বিজেপি ছাড়া অসম রাজ্যের ছবি কেমন হতে পারে’। বিতর্কিত ভিডিয়োয় দেখানো হয়েছে, অসমের সর্বত্র মুসলিম ও সংখ্যালঘুদের ভিড়, অনুপ্রবেশকারীদের জমি দখল-সহ নানা বানোয়াট বিষয়। ভিডিয়োর একাংশে দেখানো হয়েঅছে, একটা মঞ্চে দাঁড়িয়ে আছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং অসমের ভূমিপুত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর পুত্র কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে। সেই মঞ্চের পিছনে ঝুলছে পাকিস্তানের পতাকা।
ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে অসম প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ, রাজ্যে বিজেপি জাতপাতের রাজনীতির নোংরা খেলায় মেতেছে এবং এই কাল্পনিক ভিডিয়োর মাধ্যমে সমাজে অসহিষ্ণুতা ও বিদ্বেষ-বিষ ছড়াচ্ছে।








