পরিত্যক্ত রেলকুয়ো থেকে বাইসন উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, নাগরাকাটা:
জলপাইগুড়ি বন বিভাগের আওতাধীন চালসা রেঞ্জের বনাঞ্চলে রেলওয়ের এক পরিত্যক্ত কুয়োতে পড়ে গেল একটি বাইসন। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বন দফতর সূত্রে জানা গেছে, নাগরাকাটা ব্লকের ওই এলাকায় একসময় চাপড়ামাড়ি রেলওয়ে স্টেশন ছিল। বর্তমানে স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানেই অব্যবহৃত একটি কুয়োতে বাইসনটি পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চালসা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (ACF) নীতু জর্জে ও রেঞ্জার প্রকাশ থাপা নেতৃত্বাধীন বনকর্মীরা। উদ্ধার অভিযানে ব্যবহার করা হয় একটি আর্থ মুভার, যার সাহায্যে কুয়োটিকে চওড়া করা হয়। পরে অনেক চেষ্টার পর বাইসনটি সফলভাবে কুয়ো থেকে বেরিয়ে আসে এবং নিজে থেকেই বনাঞ্চলের দিকে চলে যায়।
জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি জানান, “রেলওয়ের পরিত্যক্ত কুয়োতে পড়ে যাওয়া বাইসনটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটি নিরাপদে বনাঞ্চলে রয়েছে।”
এই ঘটনার পর এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বন দফতর ও রেল কর্তৃপক্ষের উচিত পরিত্যক্ত কুয়োগুলিকে ঘিরে দেওয়া বা পূরণ করে দেওয়া।








