‘বিনা পয়সার বাজার’ দারুন সাড়া ফেলেছে গুসকরায়
নতুন পয়গাম, বর্ধমান, ২৬ সেপ্টেম্বর:
বর্ধমানের দুর্গাপুর মহকুমার গুসকরার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে অভিনব উদ্যোগ ‘বিনা পয়সার বাজার’। এখানে গরিবগুর্বো মানুষেরা টাকা না দিয়েই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারছেন। অর্থাৎ বিনা পয়সায় তারা সংসারের যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। কাপড়-চোপড় থেকে শুরু করে চাল, ডাল, নুন, তেল ইত্যাদি সবকিছুই মিলছে একেবারে বিনামূল্যে।
এলাকার সমাজসেবী সংগঠনগুলির প্রচেষ্টায় আয়োজিত এই অভিনব বাজারকে ঘিরে পুজোর মুখে গরিব মানুষদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে। শহর ও গ্রামাঞ্চলের বহু মানুষ নিজেদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য জিনিস এখানে দান করে দিচ্ছেনন। মূলত সেইসব জিনিসই এই বিনে পয়সার বাজার থেকে দরিদ্র পরিবারের হাতে পৌঁছে যাচ্ছে।
আয়োজকদের মতে, “প্রত্যেকে যদি নিজের বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র গরিব মানুষদের অসহায়তার কথা ভেবে দান করেন, তাহলে অনেক দুস্থ মানুষ ও তাদের অসহায় পরিবার উপকৃত হবে।” এই উদ্যোগে শামিল হয়েছে শিশু থেকে বৃদ্ধ সকলেই। নতুন ও পুরনো জামা-কাপড়, বই, খেলনা, বাসনপত্র ইত্যাদি হরেক রকম জিনিসপত্র খুশি মনে গ্রহণ করছে গরিব অসহায় মানুষজন। ফলে একদিকে যেমন অপ্রয়োজনীয় জিনিসের সঠিক ব্যবহার হচ্ছে, অন্যদিকে তেমনি বহু মানুষের মুখে ফিরছে হাসি। ইতিমধ্যেই এই মানবিক অভিনব ভাবনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রাজ্যজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছে। দাতারাও উৎসাহিত হচ্ছে, গ্রহীতারাও তাদের প্রয়োজন মেটাচ্ছে।








