নির্দিষ্ট তারিখের শেষ বেলায় সোনামুখী ব্লকের বিজয়া সম্মেলন
সঞ্জয় মণ্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৭ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যজুড়ে।
আজ, শেষ দিনের শেষ বেলায়, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় ধুলাই উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখী পৌরসভার চেয়ারম্যান বিক্রমজিত চট্টোপাধ্যায়, রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা, ব্লক সভাপতি দিব্যেন্দু সেনসহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।
বক্তৃতায় সুব্রত দত্ত বলেন, “বিগত দিনের সমস্ত ত্রুটি সংশোধন করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা জয় করতে হবে। আজ থেকেই মাঠে নামতে হবে নতুন উদ্যমে।”
প্রধান বক্তা হিসেবে রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পরিবারের সার্বিক উন্নয়নের কাজ করেছেন। কিন্তু সেই উন্নয়নের বার্তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে না পারার কারণেই সোনামুখী বিধানসভা হাতছাড়া হয়েছে। এবার আর যেন সেই ভুল না হয়।”
সম্মেলনের মঞ্চে এক সুরে প্রতিটি বক্তার বক্তব্য— যেভাবেই হোক, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক সাফল্যের শরিক হতে হবে সোনামুখী বিধানসভা।
অনুষ্ঠানে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো, যা সোনামুখীর রাজনৈতিক চেতনার নতুন উন্মেষের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।








