বিহারে আসন সমঝোতায় দরাজ কংগ্রেস
নতুন পয়গাম, পাটনা ও নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর:
বিহারে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় সদিচ্ছা দেখাল কংগ্রেস। জোটের বড় দল হিসেবে আগের মতো আর জিদে অনড় না থেকে এবার দরাজ দিল হচ্ছে কংগ্রেস। এই মর্মে বিহারের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে রাহুল গান্ধী নির্দেশিকায় বলেছেন, আমাদের লক্ষ্য একটাই। সেটা হল বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াই করে যে কোন মূল্যে বিজেপি তথা এনডিএ-কে হারানো। তাই যত বেশি সম্ভব শরিক দলের সংখ্যা বাড়াতে হবে। একইসঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে প্রয়োজনে নিজেদের ভাগের আসনও শরিকদেরকে ছাড়তে হবে। এক্ষেত্রে জিদ বা অনড় মনোভাব বরদাস্ত করা হবে না। সেই মতো কংগ্রেস ৪৫ থেকে ৫২টা আসনে প্রার্থী দিয়ে মহাজোট গড়ে লড়বে।
রাহুলের এই উদারনীতির বার্তায় খুশি শরিক দলগুলো। বিজেপি তথা এনডিএ বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলের শীর্ষ নেতৃত্ব শীঘ্রই বৈঠকে বসে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে। উল্লেখ্য, বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। এর মধ্যে গতবার লালু যাদবের আরজেডি-র সঙ্গে জিদ করে ৭০ আসন নিয়েছিল কংগ্রেস। কিন্তু ভোটে আশানুরূপ ফল করতে হয়নি ২০২০ সালের সর্বশেষ বিধানসভা ভোটে। সেবার কংগ্রেস পেয়েছিল মাত্র ১৯টি আসন। সেই থেকে শিক্ষা নিয়ে এবার নরমপন্থা নিয়েছে কংগ্রেস। বিহারের প্রধান বিরোধী দল আরজেডি-র কথাতেই এবার মূলত সমঝোতার বার্তা দিয়েছেন রাহুল। তবে কংগ্রেস চাইছে, প্রত্যেক জেলায় অন্তত একটা করে হলেও যেন আসন পায় হাত চিহ্ন। বিহারে মোট ৩৮টা জেলা রয়েছে।
সূত্রের খবর, আপাতত প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, লালুপ্রসাদ যাদবের দল আরজেডি ১৩৩টা আসন পাবে। এর মধ্যে কিছু আসন দেওয়া হবে রামবিলাস পাসোয়ানের ভাই পারস পাসোয়ানের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে। পাশাপাশি সংযুক্ত বামফ্রন্ট লড়বে ৩৪ আসনে। এনডিএ ছেড়ে আসা মুকেশ সাইনির দল বিকাশশীল ইনসান পার্টিকে বিরোধীদের মহাজোটে টানতে চেষ্টা চলছে। তাঁকে ২০-২২টা আসন দেওয়া হতে পারে বলে খবর। গতবার তারা বিজেপির সঙ্গে জোট করে চারটি আসন পেয়েছিল। এসব নতুন সঙ্গীকে জোটে শরিক করে বিজেপি জোটকে জোর ঝটকা দিয়ে এবার কোমর বেঁছে নামছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। বিশ্লেষকরা বলছেন, ১:১ লড়াই হলে বিরোধী জোট ভালই ফল করবে। কারণ, বিহারে নীতীশের সরকার অনেকদিন রয়েছে। গতবার লালুর সঙ্গে জোট করে সরকার গড়ে তেজস্বীকে উপমুখ্যমন্ত্রী করলেও মাঝপথে আরজেডি-র লণ্ঠন ছেড়ে পদ্মাসনে বসেন পল্টুরাম নীতীশ। তাই তার প্রতি রাজ্যবাসীর ক্ষোভ রয়েছে। সেই হাওয়া নিজেদের পালে টানতে পারলে এবার বিহারে অনায়াসে ভোট বৈতরণী পেরিয়ে যাবে বিরোধী জোট।








