বিধানসভা ভোটের আগে বীরভূমে সাংগঠনিক রণকৌশল: তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক
রাজু মাল
নতুন পয়গাম, বীরভূম:
আর মাত্র সাত-আট মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটে সংগঠনের ভীতকে মজবুত করতে জেলা ধরে বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমে দলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করে অভিষেক স্পষ্ট বার্তা দিলেন—“এক আসনও হাতছাড়া নয়, সবকটিই জিততে হবে।”
রাজ্যজুড়ে বিতর্কিত হলেও বীরভূম বরাবরই তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি। তবে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ—এই দুই শিবিরের গোষ্ঠী দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। জেলা সভাপতির পদ হারানোর পর কোর কমিটিই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গা, কিন্তু সেখানেও টানাপোড়েন চলছে।
এই পরিস্থিতিতে অভিষেকের বৈঠককে রাজনৈতিক মহল বিশেষ গুরুত্ব দিচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, জেলার কোর কমিটির সদস্য, বিধায়ক ও সাংসদরা। সূত্রের খবর, জেলার ব্লক সভাপতিদের পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছে। অভিষেক জানিয়েছেন, “একাধিক নাম এসেছে। দায়িত্ব দেওয়ার আগে প্রত্যেকের সাংগঠনিক দক্ষতা খতিয়ে দেখা হবে।”
সভা শেষে কাজল শেখ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন, তাকেই আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাব।” অনুব্রত মণ্ডলও একই সুরে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, বিজেপি যতই কুৎসা করুক, ভোটে কিছু হবে না—আমরাই জিতব।”
রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই কড়া বার্তা ও জেলার নেতৃত্বকে এক ছাতার তলায় আনার প্রচেষ্টা ইঙ্গিত দিচ্ছে যে, বীরভূমের এগারোটি আসনে আগাম প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। ফলে বিধানসভা ভোটের আগে জেলার গোষ্ঠী রাজনীতি কতটা মসৃণ হয়, সেদিকে এখন নজর গোটা রাজ্যের।








