কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নিমপীঠঃ দেশের কৃষকদের চাষাবাদ সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ নিল কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু করা হলো ‘ভারত বিস্তার’ নামের এআই ভিত্তিক সহায়তা পরিষেবা, যা তৈরি করেছে ভারতীয় কৃষি গবেষণা সংস্থা ( Indian Council of Agricultural Research)। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের ৭৩১টি কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং আইসিএআর-এর বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়, যেখানে কৃষকদের উপস্থিতিতেই পরিষেবাটি চালু করা হয়।
অনুষ্ঠানে দেশের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রযুক্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে দেশের যে কোনও প্রান্তের কৃষক নিজের ভাষায় কৃষি সংক্রান্ত প্রশ্ন করে সরাসরি উত্তর পেতে পারবেন। এর জন্য শুধু টোল-ফ্রি নম্বর ১৫৫২৬১-এ ফোন করলেই এআই প্রযুক্তি নির্ভর তথ্য সহায়তা পাওয়া যাবে।
এদিন নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র-এও উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. চন্দন কুমার মণ্ডল জানান, এই প্রযুক্তি কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ফসলের বাজারদর, সরকারি কৃষি প্রকল্প, রোগ-পোকার দমন পদ্ধতি, সার প্রয়োগসহ নানা বিষয়ে কৃষকরা সহজেই তথ্য পাবেন।
কৃষি মন্ত্রকের এই উদ্যোগে এলাকার কৃষকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তাঁদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই পরিষেবা মাঠপর্যায়ে কৃষিকাজকে আরও সহজ ও ফলপ্রসূ করে তুলবে।








