সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক, ব্যত্যয়ে বাতিল ট্রেড লাইসেন্স
নতুন পয়গাম,
কলকাতা, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
কলকাতার অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় দোকানের নাম লেখা নেই। যা নিয়ে কলকাতা পৌরসভায় অভিযোগ আসে। এবার ব্যবসা প্রতিষ্ঠানগুলির জন্য নতুন নিয়ম নিয়ে এল কলকাতা পৌরসভা। পৌরসভা জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের প্রতিটি দোকান, বাজার ও অফিসের সাইনবোর্ডে বাংলায় নাম না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তিস্বরূপ ট্রেড লাইসেন্সও বাতিল হতে পারে।
পৌর প্রশাসনের মতে, বাংলা শুধু একটি ভাষা নয়, শহরের পরিচয় ও ঐতিহ্যের অংশ। মেয়র ফিরহাদ হাকিম বলেন, “শহরের প্রতিটি মানুষ যেন নিজের মাতৃভাষার উপস্থিতি অনুভব করেন, তাই এই পদক্ষেপ।” তিনি আরও জানান, সরকারি নথিপত্র ও প্রশাসনিক কাজে বাংলার ব্যবহার বাড়ানো হবে।
এই নিয়মে বলা হয়েছে—সাইনবোর্ডের শীর্ষে বড় হরফে বাংলায় নাম লিখতে হবে। অন্য ভাষা ব্যবহার করা যাবে, তবে বাংলা থাকবে সর্বাগ্রে। নিয়ম না মানলে, কালীপুজোর পর বিশেষ টিম বেরিয়ে পরিদর্শন করবে।
পুরসভার চেয়ারম্যান মালা রায় জানিয়েছেন, শুধু সাইনবোর্ড নয়, কাউন্সিলরদের প্রশ্নোত্তর পর্ব, সরকারি বিজ্ঞপ্তি—সব জায়গায় বাংলাকে অগ্রাধিকার দিতে হবে।
ব্যবসায়ী সংগঠনগুলির একাংশ বলছে, এ উদ্যোগে ছোট ব্যবসায়ীরা যেমন কিছুটা খরচের মুখে পড়বেন, তেমনই বড় ব্র্যান্ডগুলিকেও দ্রুত নতুন সাইনবোর্ড বানাতে হবে। তবে ভাষাবিদরা মনে করছেন, এই উদ্যোগ নাগরিকদের জন্য সুবিধাজনক হবে। মাতৃভাষার মর্যাদা রক্ষা ছাড়াও শহরের পথচলতি মানুষ সহজেই দোকান বা অফিস চিহ্নিত করতে পারবেন।
এছাড়া, বিশেষজ্ঞদের পরামর্শে পুরসভা ভাবছে—সাইনবোর্ডের বাংলা বানান একরকম রাখার জন্য একটি “স্ট্যান্ডার্ড ফন্ট” চালু করা, যাতে শহরের রাস্তাঘাটে ভিজ্যুয়াল জঞ্জাল কমে ও সৌন্দর্য বাড়ে।








