আনারসের উপকারিতা
নতুন পয়গাম:
আনারস দেখতে শুষ্ক হলেও পুষ্টিগুণে ভরপুর এক ফল। তাই প্রায় সব দেশেই আনারসের চাষ হয়। সুন্দর করে কাটা আনারস খাওয়ার তৃপ্তিই আলাদা। পাশাপাশি অনেকে আধপাকা বা পাকা আনারস রান্না করেও খান। মাংস বা মাছের সঙ্গে আনারস অতুলনীয়। স্যালাড খেতে চাইলেও আনারসের জুড়ি নেই। এ ছাড়া আনারসের জুস শরীরের ক্লান্তি দূর করে দেহ-মনকে চাঙ্গা ও ঝরঝরে করে তুলে।
আনারসের পুষ্টিগুণ: আনারসে রয়েছে গুরুত্বপূর্ণ এনজাইম ব্রোমেলেইন। এতে প্রচুর পরিমাণ ভিটামিন-সি পাওয়া যায়। এতে আছে ম্যাঙ্গানিজ নামক খনিজ উপাদান, যা দেহের শক্তি বাড়ায়। আছে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি-১, যা শরীরের জন্য অপরিহার্য। এই ফলের ক্যালরি কম হওয়ায় মোটা হওয়ার ভয় থাকে না। প্রতি ১০০ গ্রাম আনারসে থাকে মাত্র ৫০ কিলোক্যালরি। আনারসে কোলেস্টেরল নেই। আছে পেকটিন নামক গুরুত্বপূর্ণ ডায়েটরি ফাইবার। ভিটামিন-বি কমপ্লেক্সের নানা উপদান যেমন- ফলেট, থায়ামিন, পাইরিওফিন ও রিবোফ্লোবিন ইত্যাদি।

আনারসের উপকারিতা: আনারস দেহের গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থির স্ফীত হওয়া প্রতিরোধ করে। নিয়ন্ত্রণ করে হাই ব্লাড প্রেসার। এটি আর্থরাইটিস বা বাতের উপশমে সহায়ক। তা ছাড়া কৃমিনাশক। ক্ষুদ্রান্ত্রের জীবাণু ধ্বংসে উপকারী। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমায়। এটি ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বার্ধক্যে দৃষ্টিশক্তি ভাল রাখে। আনারস জ্বর ও জন্ডিস রোগে বিশেষ উপকারী। এক কথায়, দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখার জন্য এটি একটি অতুলনীয় ফল।

ভিটামিন সি: সাধারণ ভাবে আমরা মনে করি ভিটামিন সি-র সবচেয়ে বড় উত্স কমলালেবু। কিন্তু সেই কাজ অনায়াসে করে আনারস। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় আনারস বয়সজনিত সমস্যা দূরে রাখতে সাহায্য করে। বদহজমের সমস্যায় আনারস খুব কাজ দেয়। এতে থাকা ব্রোমেলিন উৎসেচক প্রোটিন ভেঙে বদহজম রুখতে ও প্রদাহ কমাতে সাহায্য করে। আনারসে থাকা বিটা ক্যারোটিন অ্যাস্থমার সমস্যা দূরে রাখতে সাহায্য করে।
আনারসে থাকা ভিটামিন-সি, বিটা ক্যারোটিন, জিঙ্ক, কপার, ফোলেট পুরুষ ও মহিলা উভয়েরই প্রজনন ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। আনারসে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন-সি রক্তের ফ্রি রেডিক্যালস কমিয়ে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে এবং কোলাজেন তৈরি করে ত্বকের ইলাসটিসিটি বজায় রাখে। এককথায় বলা যায়, আনারস বহুমুখী উপকারী ও পুষ্টিকর ফল।








