অমিত শাহকে বেনজির আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধানের পাঠ কল্যাণের
নতুন পয়গাম, কলকাতার
: কয়েক মাস আগে সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে বেনজিরভাবে অবমাননা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন শাহকে পদত্যাগ করতে বলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে বলেছিলেন, অমিত শাহ দেশের সবথেকে অযোগ্য ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। এবার এসআইআর ইস্যুতে অমিত শাহকে বেনজিরভাবে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ। মঙ্গলবার বাঁকুড়ায় কালিপুজোর ফাঁকে কল্যাণ বলেন, অমিত শাহের ব্যাকগ্রাউন্ড কী? গুজরাটের গুন্ডা। উল্লেখ্য, শনিবার পশ্চিমবঙ্গে এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অমিত শাহ বলেন, উনি তো সংবিধানের ঊর্ধ্বে নন। বাংলায় এসআইআর করতে না দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই।
মঙ্গলবার তারই জবাব দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ”অমিত শাহ জীবনে কখনও সংবিধান পড়েননি। সংবিধানে কী আছে, সে সম্পর্কে ওঁর কোনকিছুই জানা নেই। সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, উনি কী করে জানবেন? ওঁর ব্যাকগ্রাউন্ড তো গুজরাটের গুণ্ডা। গুন্ডাগিরি করেই গুজরাতে ক্ষমতায় এসেছে। এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সব জায়গায় গুন্ডাগিরি চালাচ্ছে।”
অন্যদিকে কল্যাণকে কড়া জবাব দিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, “কল্যাণ একজন বর্ষীয়ান সাংসদ এবং আইনজীবী। তারপরেও ওনার মুখে এ ধরনের বক্তব্য শুনে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। কারণ, এরা ডাস্টবিনের উপযুক্ত। এরা লোকসভার সাংসদ হওয়ার উপযুক্ত নন।”








