শেষ হল বাসভূমি উৎসব-২০২৫
নতুন পয়গাম:
কবি অরূপ চন্দ্র সম্পাদিত বাসভূমি পত্রিকা উৎসবের মধ্যে দিয়ে এবছর ৪৬ বর্ষ শেষ করল। সম্প্রতি মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্রসদনে আয়োজিত অনুষ্ঠানে কবিতা পাঠ, বাসভূমি পত্রিকার ৪৬ বর্ষ সংখ্যার উদ্বোধন হয় এবং মুর্শিদাবাদ জেলার নাট্যকারদের লেখা নাটকের সংকলন “নাট্যকলার দেশে” ও “স্প্রিং থান্ডার অফ সেভেন্টিজ” (অরূপ চন্দ্র প্রণীত “আত্মগোপনে অন্তরিন সত্তর দশক” গ্রন্থটির অনুবাদ, অনুবাদ করেছেন ঋতা চট্টোপাধ্যায়) — দুটি বই প্রকাশিত হয়।
প্রদীপ প্রজ্জ্বলন করেন ‘শিল্পে অনন্যা’ পত্রিকা সম্পাদক অধ্যাপক ড. দীপক কুমার সেন, সাহিত্যিক ও সমাজকর্মী অধ্যাপক ড. কাশীনাথ চট্টোপাধ্যায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কোয়েলিয়া দত্ত। কবিতা পাঠ করেন নিখিল কুমার সরকার, দেবদাস রজক, তাপস দাস, কৌশিক বড়াল, রঘুনাথ চট্টোপাধ্যায়, এম.এ. ওহাব, গোলাম কাদের, মতিয়ার রহমান ও সাবিনা সৈয়দ।
২০০৮ সাল থেকে বাসভূমি পত্রিকা লেখক, শিল্পী, সাহিত্যিকদের সংবর্ধিত ও পুরস্কৃত করছে। এবছর তালিকায় ছিলেন বিভিন্ন রাজ্যের ১৪ জন। “সিসিএআই-বাসভূমি জীবনকৃতি পুরস্কার” দেওয়া হয় প্রাণজি বসাক, কবি (দিল্লি) এবং বীরেন শাসমল, কথাসাহিত্যিক (মেদিনীপুর)-কে। “বাসভূমি সাহিত্য সম্মাননা” দেওয়া হয় ৮জনকে। তাঁরা হলেন অশেষ কুমার দাস: ইতিহাস গবেষক (দার্জিলিং); সৌরভ হোসেন: কথাসাহিত্যিক (মুর্শিদাবাদ); মনিরুদ্দিন খান: কবি (বহরমপুর); চন্দন দাস: চিত্রশিল্পী (বহরমপুর); আব্দুস সালাম: কবি (জঙ্গিপুর); তাপস সরখেল: কবি (বহরমপুর); কার্তিক পাল: চিত্রশিল্পী (বহরমপুর); শিরিন সোরাইয়া: সংগীত শিল্পী (বহরমপুর)।
“বাসভূমি লিটল ম্যাগাজিন পুরস্কার” দেওয়া হয় চারজন সম্পাদককে। তাঁরা হলেন স্রোত (ত্রিপুরা) সম্পাদক: গোবিন্দ ধর; উত্তর প্রসঙ্গ (কুচবিহার) সম্পাদক: দেবব্রত চাকী; প্লাবন (কলকাতা) সম্পাদক: স্বপন দত্ত; কবিতা জগৎ (দ. দিনাজপুর) সম্পাদক: গোবিন্দ তালুকদার।








