বারুইপুর থানায় চালু সাইবার সেল ও মহিলা হেল্প ডেস্ক
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা এবং ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার বারুইপুর থানায় পৃথক সাইবার সেল ও মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্কের সূচনা করা হলো। এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। তিনি জানান, অনেক সময় মহিলারা থানায় এসে নিজেদের সমস্যা বা অভিযোগ জানাতে সংকোচ বোধ করেন। সেই বিষয়টি মাথায় রেখেই মহিলা হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যেখানে মহিলারা সরাসরি মহিলা পুলিশ অফিসারের কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।
অন্যদিকে, দিন দিন বেড়ে চলা সাইবার প্রতারণার ঘটনা মোকাবিলার জন্য থানায় গঠন করা হয়েছে একটি পৃথক সাইবার সেল। বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার বলেন, সাইবার প্রতারণার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা খোয়া যাওয়ার পর যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, টাকা উদ্ধারের সম্ভাবনাও ততটাই বেড়ে যায়। সেই কারণেই এই সেল চালু করা হয়েছে। তিনি আরও জানান, ২৪ ঘণ্টাই এই সাইবার ডেস্ক চালু থাকবে। এই উদ্যোগের ফলে অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা পুলিশের।
এদিন পাশাপাশি গত কয়েক মাসে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া প্রায় ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও, সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারানো এক তরুণীকে উদ্ধার করা টাকার বড় অংশ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। বারুইপুর পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।








