ব্যাংক কমে হচ্ছে তিনটি, নমিনি বেড়ে চার
নতুন পয়গাম, নয়াদিল্লি:
গত সপ্তাহে জানা গিয়েছে, দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে করা হবে ৩। অর্থাৎ বিভিন্ন সরকারি ব্যাঙ্ককে মার্জ বা একটার সঙ্গে আরেকটা যুক্ত করে দেওয়া হবে। ফলে দেশের যত্রতত্র আর মিলবে না ব্যাঙ্ক পরিষেবা। এবার জানা গেল, ব্যাঙ্কের অ্যাকাউন্টের জন্য গ্রাহকেরা ৪জন পর্যন্ত নমিনি রাখতে পারবেন। কারণ হিসেবে বলা হচ্ছে, ব্যাঙ্ককর্মীদের প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। অ্যাকাউন্ট মালিকের গ্রাহকের মৃত্যু হলে সেই অ্যাকাউন্টে জমা থাকা অর্থ বা লকারে গচ্ছিত সম্পদের জন্য জুটে যায় একাধিক দাবিদার। কিন্তু সবার দাবি মানা তো সম্ভব নয়! কারণ, আইন অনুযায়ী এতদিন একজনের বেশি নমিনি থাকত না। ফলে জীবদ্দশায় প্রত্যেক গ্রাহকের জন্য একজনই নমিনি হতে পারতেন বা থাকতেন। এবার সেই বিড়ম্বনার অবসান হতে চলেছে। ব্যাঙ্কিং আইন সংশোধন করে বৃহস্পতিবার কেন্দ্র সরকার জানিয়েছে, এবার থেকে প্রত্যেক অ্যাকাউন্টে চারজন পর্যন্ত নমিনি করা যাবে। আগামী সপ্তাহ বা ১ নভেম্বর থেকে চালু হবে এই নিয়ম।

তবে নমিনেশন হবে দুই রকম। যথা- যৌথ ও ক্রমানুসারে সাজানো নামের গ্রাহক একসঙ্গে বা পর্যায়ক্রমে চারজনকে নমিনি করতে পারবেন। একটা অ্যাকাউন্টের জন্যই এটা হবে। তবে লকারের ক্ষেত্রে ক্রম অনুযায়ী নমিনির নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাৎ কারও মৃত্যু হলে পরবর্তী নমিনি সেই ব্যাংক লকার ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের দাবি, ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার গ্রাহকরা তাঁদের মোট সম্পদকে নমিনিদের মধ্যে কাকে কত শতাংশ উত্তরাধিকার দিতে চান, তাও উল্লেখ করতে পারবেন।

শীঘ্রই ব্যাংকিং কোম্পানি নমিনেশন অ্যাক্ট-২০২৫ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বিবরণ জানান হবে। দাবিদারহীন জমা সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি করতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা নেবে বলে আশা কেন্দ্র সরকারের।
এদিকে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি বছর জুন পর্যন্ত দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে ৫৮,৩৩০ কোটি ২৬ লক্ষ টাকা। আর বেসরকারি ব্যাংকে এই অঙ্কটা ৮,৬৭৩ কোটি ৭২ লক্ষ টাকা। নতুন নিয়মে এই সমস্যার সুরাহা হবে বলে আশাবাদী কেন্দ্রীয় অর্থমন্ত্রক।








