সামশেরগঞ্জ খুনকাণ্ডে ১৩ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তের পরিবারের পাশে দাঁড়াল আজাদ সমাজ পার্টি।
নতুন পয়গাম, সামশেরগঞ্জ: শুক্রবার বিকেল নাগাদ সামশেরগঞ্জ থানার অন্তর্গত শুলীতলা গ্রামে যান আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সেখানে তিনি খুনকাণ্ডে সাজাপ্রাপ্ত ১৩ জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের কথা শোনেন এবং সমবেদনা জানান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, “হরগোবিন্দ দাস ও চন্দন দাসের প্রকৃত খুনিদের অবশ্যই কঠোরতম শাস্তি, এমনকি ফাঁসি হোক—এই দাবি আমরা জানাই। কিন্তু কোনও নিরপরাধ মানুষ যেন অন্যায়ভাবে সাজা ভোগ না করেন, সেটাই আমাদের মূল দাবি।” তিনি আরও জানান, উচ্চ আদালতে ন্যায়বিচারের দাবিতে পরিবারগুলির পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। প্রয়োজনে আইনি পরামর্শ, দক্ষ আইনজীবীর ব্যবস্থা এবং আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।
পাশাপাশি পুলিশের তদন্ত নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ। তাঁর দাবি, সাজাপ্রাপ্ত ১৩ জনের মধ্যে একজন বাদে বাকি ১২ জনের বিরুদ্ধে অতীতে কোনও ধরনের অপরাধমূলক রেকর্ড নেই। “যাঁরা কোনওদিন ছোটখাটো অপরাধেও জড়াননি, যাঁরা সাধারণ শান্ত জীবনযাপন করতেন, তাঁরা কীভাবে হঠাৎ করে একটি খুনের ঘটনার সঙ্গে জড়িত হতে পারেন—এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “যাঁরা কোনওদিন একটি মুরগিও মারেননি, তাঁরা কীভাবে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারেন—এই বিষয়টি নতুন করে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।” ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি।








