নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে কাবিলপুরে সচেতনতামূলক পথসভা
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)-র একাদশতম মুর্শিদাবাদ জেলা সম্মেলন। সম্মেলনকে সফল করে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্তে চলছে প্রচার অভিযান ও পথসভা। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সাগরদিঘী ব্লকের কাবিলপুর বটতলা মোড়ে আয়োজিত হয় এক সচেতনতামূলক পথসভা।
এদিনের পথসভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন, শিক্ষক অমল মুখোপাধ্যায়, প্রধান শিক্ষক মজিবুর রহমান, ওবায়দুর রহমান ও হাসিবুর রহমানসহ বহু শিক্ষক ও শিক্ষা–কর্মী।
বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহাল পরিস্থিতি, শিক্ষক–কর্মীদের ন্যায্য দাবি এবং দীর্ঘদিনের পেশাগত বঞ্চনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি এস.আই.আর. প্রসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করার বার্তাও দেওয়া হয়।
প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, আগামী ৮ ও ৯ নভেম্বর অরঙ্গাবাদের ডি.এন. কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবিটিএ মুর্শিদাবাদ জেলার একাদশতম সম্মেলন। জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবিটিএ–র সাধারণ সম্পাদক ড. সুজন চক্রবর্তী ও বিশিষ্ট শিক্ষক নেতা সুকুমার পাইন।
শিক্ষকদের ঐক্য বজায় রাখা এবং শিক্ষাক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে শেষ হয় এদিনের পথসভা।








