বাল্যবিবাহ রোধে কাবিলপুর হাই স্কুলে সচেতনতা সভা ও র্যালি
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
শুক্রবার সাগরদিঘী ব্লকের কাবিলপুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ রোধে সচেতনতা মূলক সভা ও র্যালি। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনী) সংস্থার উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতা সভার পর বটতলা মোড় পর্যন্ত একটি র্যালি বের করা হয়, যেখানে ছোট থেকে বড় সকলেই বাল্যবিবাহ বন্ধে একসুরে বার্তা দেন।
স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, “আমাদের গ্রামে কোনও শিশুর বাল্যবিবাহ হতে দেব না। প্রতিটি শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কম বয়সে বিবাহের হাত থেকে রক্ষা করব।” তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করব যেন কোনও শিশু বিদ্যালয় থেকে পড়াশোনা ছেড়ে না যায়। প্রত্যেক শিশুর মৌলিক অধিকার-অংশগ্রহণ, শিক্ষা, সুরক্ষা ও বিকাশ-নিশ্চিত করতে আমরা সংঘবদ্ধভাবে কাজ করবো।”
তিনি আরও উল্লেখ করেন, প্রশাসন, স্কুল, স্বাস্থ্য দপ্তর, পুলিশ এবং বিভিন্ন এনজিওর সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার নেওয়া হয়েছে।
এদিনের এই সচেতনতা কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয় এবং সমাজকে আরও দায়িত্বশীল হয়ে শিশু সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানায়।








