বাল্যবিবাহ প্রতিরোধ ও টিনেজ প্রেগনেন্সি নিয়ে খড়গ্রামে ছাত্রছাত্রীদের সচেতনতা শিবির
এজাজ আহম্মেদ
নতুন পয়গাম, খড়গ্রাম:
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিনি’র যৌথ উদ্যোগে মঙ্গলবার খড়গ্রাম দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির। মূল লক্ষ্য— বাল্যবিবাহ প্রতিরোধ এবং টিনেজ প্রেগনেন্সি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা।
আয়োজকরা জানান, অল্প বয়সে বিয়ের ফলে বিশেষ করে কিশোরীদের নানা শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। টিনেজ প্রেগনেন্সির মতো জটিল পরিস্থিতি তৈরি হয়, যা ভবিষ্যতে মেয়েদের জীবনে মারাত্মক প্রভাব ফেলে। তাই বিদ্যালয়ের ছাত্রীরা যাতে এই বিষয়ে সচেতন হয় এবং সমাজে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস, পঞ্চায়েত সমিতির সভাধিপতি মঞ্জু আক্তারা বিবি, খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার, জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, স্কুলের এসআই মোনালিসা চন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা, ‘সিনি’র প্রতিনিধিরা এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
শিক্ষক-শিক্ষিকারা মনে করছেন, এ ধরনের কর্মসূচি শুধু ছাত্রছাত্রীদের নয়, তাদের পরিবার ও সমাজকেও সচেতন করতে সাহায্য করবে।








