সাগরদিঘীতে সতর্কতা ও সচেতনতা গ্রাম সভা: দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বার্তা
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
বৃহস্পতিবার সাগরদিঘী ব্লকের সাকোয়া কলোনি এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ সতর্কতা ও সচেতনতা গ্রাম সভা। বহরমপুর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত বক্তারা দুর্নীতি রোধে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সচেতন নাগরিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতি সমাজ ও দেশের এগিয়ে চলার পথে বড় বাধা। তাই সকলে মিলে এটিকে প্রতিরোধ করতেই হবে।
পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার পল্লব নন্দী তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতি আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম বড় অন্তরায়। সরকার, নাগরিক ও বেসরকারি খাত—সকলকে একসঙ্গে কাজ করতে হবে এটি প্রতিরোধে।” তিনি আরও যোগ করেন, প্রত্যেক নাগরিকের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, ন্যায়পরায়ণতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, ঘুষ না নেওয়া-না দেওয়া এবং স্বচ্ছভাবে কাজ করা।
অন্যান্য বক্তারাও সততা, স্বচ্ছতা ও ন্যায়বিচারের মূল্যবোধ সমাজে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে স্মারকস্বরূপ উপহার তুলে দেওয়া হয়।








