নারী নির্যাতনের বিরুদ্ধে জাগরণ, বাগনানে রঙ-তুলিতে প্রতিবাদ, সংস্কৃতি জাগিয়ে তুলল মানবিক বার্তা
অতসী মন্ডল, নতুন পয়গাম, বাগনান:
বিপন্ন সময়ের প্রেক্ষাপটে, নারী নির্যাতনের বিরুদ্ধে সমগ্র সমাজকে একত্রিত করার লক্ষ্যে রাজ্যজুড়ে শুরু হয়েছে “নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা”। সমাজে প্রতিদিন লাঞ্ছিতা, ধর্ষিতা, শিশু কন্যা থেকে বৃদ্ধা পর্যন্ত অসংখ্য নারীর অসহায় আর্তনাদ যে আতঙ্ক তৈরি করেছে, তারই বিরুদ্ধে এই সংগ্রাম। কর্মক্ষেত্র, শিক্ষাঙ্গন, পরিবার- সব জায়গায় নারী নিরাপত্তা আজ গভীর প্রশ্নের মুখে। তাই এ বিপন্ন সভ্যতাকে রক্ষায় প্রতিরোধের বহ্নিশিখা ছড়িয়ে দেওয়ার দাবি জোরদার হচ্ছে সর্বত্র।
আগামী ৯ ডিসেম্বর (মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম-মৃত্যু দিবস) থেকে ১৬ ডিসেম্বর (দিল্লির নির্ভয়া দিবস) পর্যন্ত রাজ্যের গ্রাম, শহর, নগর ও বন্দর অতিক্রম করবে এই অঙ্গীকার যাত্রা। তার সমাপনী হবে কলকাতার ঐতিহাসিক কলেজ স্ট্রিটে, নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির পাদদেশে এক বিশাল সমাবেশের মাধ্যমে।
এর অঙ্গ হিসেবে ৪ঠা ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ২টা, হাওড়া জেলার বাগনান স্টেশন চত্বরে চিত্রশিল্পীদের উদ্যোগে রং-তুলির মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কানভাসে তুলির আঁচড়ে ফুটে ওঠে অনাচারের বিরুদ্ধে ক্ষোভ ও মানবিকতার বার্তা।
সাংস্কৃতিক পরিবেশনা, গান, আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠানকে আরও আবেগময় করে তোলে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি, শিল্পী ও বহু সাধারণ মানুষ। কর্মসূচিতে যোগদানকারীদের হাতে সম্মানসূচক স্মারক তুলে দেন “জাগো নারী জাগো বহ্নিশিখা” অভ্যর্থনা কমিটির সভাপতি রঞ্জিত রিত এবং সম্পাদিকা পম্পার সরকার।
এলাকাবাসীর মতে, এই অনুষ্ঠান মানুষের মনে গভীর সাড়া ফেলে এবং নারী নিরাপত্তার লড়াইকে আরও শক্তিশালী করে তোলে।








