ঔরঙ্গজেবের নাম ডিলিট, ঔরঙ্গাবাদ স্টেশন হবে ছত্রপতি সম্ভাজিনগর
নতুন পয়গাম, মুম্বই:
এমনিতেই মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরেই মারাঠা অস্মিতা নিয়ে হইচই চলছে। অনেককাল আগে থেকেই এই রাজ্য থেকে অ-মারাঠিদের বিতাড়িত করার প্রক্রিয়া চলে আসছে। বছর দুয়েক আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের আমলে ঔরঙ্গাবাদের নাম বদলে করা হয় ছত্রপতি সম্ভাজিনগর।
এবার বদলে যাচ্ছে ঔরঙ্গাবাদ রেল স্টেশনের নামও। শনিবার দক্ষিণ-মধ্য রেল ঘোষণা করে, নান্দেড় ডিভিশনের ঔরঙ্গাবাদ রেল স্টেশনের নাম বদলে হচ্ছে ছত্রপতি সম্ভাজিনগর। অতএব মহারাষ্ট্র থেকে সরকারিভাবে চিরতরে মুছে দেওয়া হল ঔরঙ্গাবাদের নাম। উল্লেখ্য, ২০২১ সালে উদ্ধব ঠাকরের আমলেই শুরু হয় নাম বদল প্রক্রিয়া। যদিও, জোট সঙ্গীদের বাধায় সেই সময় এটা সম্পূর্ণ করা যায়নি। অপারেশন লোটাস চালিয়ে উদ্ধবের দল ভাঙিয়ে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করে ক্ষমতা দখল করে গেরুয়া শিবির। ২০২৩ সালে শিন্ডের সময় ঔরঙ্গাবাদের নাম বদলে হয় ছত্রপতি সম্ভাজিনগর। ১৫ অক্টোবর ঔরঙ্গাবাদ স্টেশনটির নতুন নামকরণের জন্য গেজেট নোটিফিকেশন জারি করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে মহারাষ্ট্র সরকার।
ইতিহাস বলছে আজ থেকে ১২৫ বছর আগে ১৯০০ সালে চালু হয় ঔরঙ্গাবাদ রেল স্টেশন। এই ঐতিহাসিক স্টেশন তৈরি করেছিলেন তদানীন্তন হায়দ্রাবাদের নিজাম। এই শহরের সঙ্গে মারাঠা ঐতিহ্য ও অস্মিতা অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই শহরেই রয়েছে অজন্তা-ইলোরার মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান বা নিদর্শন।








