বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: মালদার কালিয়াচক-১ ব্লকের এক পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম সায়েদ শেখ (৩৬)। তাঁর বাড়ি বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর ধরে তিনি ভিনরাজ্যে কাপড় ফেরি করে জীবিকা নির্বাহ করছেন। প্রায় নয় দিন আগে কাজের সূত্রে তিনি মধ্যপ্রদেশের সাগর জেলার সুরকি থানার সামনাপুর গ্রামে যান এবং সেখানে ফেরি করে কাপড় বিক্রি করছিলেন।
অভিযোগ, তিন দিন আগে কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর অতর্কিত হামলা চালায়। পরিবারের দাবি, তিনি বাংলা ভাষায় কথা বলতেন বলেই তাঁকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। হামলাকারীরা তাঁর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক স্থানে আঘাত করে বলে অভিযোগ। আহত সায়েদ শেখের পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধা মা, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য গুরুতর জখম হওয়ায় পরিবারটি চরম আর্থিক সঙ্কটে পড়েছে বলে জানিয়েছেন পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা।








