অঙ্গীকার যাত্রার অংশ হিসেবে পারুল ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, ডায়মন্ড হারবার:
নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে “জাগো নারী জাগো বহ্নিশিখা”র উদ্যোগে ৯–১৬ ডিসেম্বর রাজ্যজুড়ে অঙ্গীকার যাত্রা চলছে। কোচবিহার, শিলিগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও কাকদ্বীপের পাশাপাশি ডায়মন্ড হারবারেও অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে মঙ্গলবার রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণ দিবসে ডায়মন্ড হারবারের পারুল ভবনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। প্রায় দেড় শতাধিক মহিলা ও স্থানীয় নাগরিক এই অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন শিক্ষক পুলক বসু, শিক্ষিকা নমিতা ইসলাম, সংস্কৃতিপ্রেমী মানস শংকর বিশ্বাস, শিক্ষক দেবাশীষ রায় চৌধুরী, কবি গৌতম মণ্ডল ও সাহিত্যিক গোবিন্দ সরকার।
রাজ্য অভ্যর্থনা কমিটির প্রতিনিধি অনুমিতা পানি জানান, নারী নিরাপত্তা ও মর্যাদার দাবিতে ১৬ ডিসেম্বরের সমাপনী সমাবেশে সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন অঞ্চলে—কঙ্কন দিঘি, রাধাকান্তপুরের আটেশ্বরতলা, কৌতলা রাজুয়াখাকি ও মাধবপুরে—মিছিল, মশাল যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে চলছে অঙ্গীকার যাত্রার প্রচার।








