তৃণমূল ভবনে আরাবুল, ভাঙড়ে ফের বিতর্ক
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়: স্বাধীনতা দিবসের সকালে শুক্রবার তৃণমূল ভবন চত্বরে আচমকা হাজির হয়ে নতুন বিতর্কের জন্ম দেন বহিষ্কৃত তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এদিন তাকে দেখা যায় রাজ্য সভাপতির পাশে দাঁড়িয়ে পতাকা উত্তোলনে অংশ নিতে। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীতেও গলা মেলান তিনি। মুহূর্তেই ভাঙড়ের রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে — দল বহিষ্কারের পরও তৃণমূল ভবনে আরাবুলের উপস্থিতি কেন? তাহলে কি দলে ফিরছেন তিনি?
২০২৩ সালের পঞ্চায়েত ভোটকে ঘিরে ভাঙড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছিল। সেই সব খুনের মামলায় বেশ কয়েকজনের সঙ্গে আরাবুল ইসলামেরও নাম জড়ায়। কারাজীবন শেষে বাড়ি ফিরলেও কার্যত দলে কোণঠাসা হয়ে পড়েন তিনি। ক্যানিং পূর্বের বর্তমান বিধায়ক শওকত মোল্লার প্রভাব বাড়তে থাকে, এমনকি ভাঙড়-২ ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম ব্লক অফিসে আরাবুলের ঘর দখলে নেন বলে অভিযোগ ওঠে।
এরপর একাধিকবার শওকত বনাম আরাবুল শিবিরে তুমুল উত্তেজনার ঘটনা ঘটে। অবশেষে চলতি বছরের ১০ জানুয়ারি ভাঙড়ের একদা দোর্দণ্ড প্রতাপশালী নেতা আরাবুল ইসলামকে বহিষ্কার করে তৃণমূল। সেই থেকে কার্যত গৃহবন্দি অবস্থায় থাকলেও শুক্রবার ১৫ আগস্টে হঠাৎ রাজ্য তৃণমূল ভবনে তার উপস্থিতি ঘিরে ফের নতুন করে গুঞ্জন দেখা দিয়েছে।
জেলা রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে কি আবারও দলে ফিরতে চলেছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল? আবারও কি তাকে দলীয় রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকায় দেখা যাবে? সময়ই এর উত্তর দেবে।








