নলহাটিতে অনুব্রত মণ্ডলের কৌশল বার্তা
নতুন পয়গাম, নলহাটি: ভোট ঘোষণার আগেই নির্বাচনী কৌশল তৈরি করে রেখেছেন বলে জানালেন অনুব্রত মণ্ডল। রবিবার নলহাটির হরিপ্রসাদ স্কুল মাঠ-এ আয়োজিত এক কর্মীসভা থেকে তিনি আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে বার্তা দেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবারের লড়াই হবে “ফুলে ফুলে লড়াই”, অর্থাৎ ঘাসফুল ও পদ্মফুলের প্রতীকী প্রতিদ্বন্দ্বিতা। তাঁর দাবি, বুথে বুথে সংগঠন মজবুত রেখে জয়ের লক্ষ্যে এগোবে দল। অতীতেও তাঁর একাধিক মন্তব্য– যেমন ‘উন্নয়ন বাহিনী’, ‘মশারি টাঙিয়ে রাখা’ বা অন্যান্য সাংকেতিক উক্তি, যা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়েছে।
তিনি জানান, সারা বছর মানুষের পাশে থেকে কাজ করাই তাঁদের মূল শক্তি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, বাহিনী যতই থাকুক না কেন, সংগঠনের জোরেই জয় আসবে বলে তিনি আশাবাদী। নিজের অতীত অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, নজরবন্দি পরিস্থিতিতেও তিনি সাংগঠনিক কাজ চালিয়ে গিয়েছেন এবং প্রয়োজনে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন।সভা থেকে তিনি এগারোটি আসনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন এবং কর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আবারও আলোচনা শুরু হয়েছে।








