বার্ষিক ‘চাঁই সাহিত্য সভা ২০২৬’ অনুষ্ঠিত
উমার ফারুক, নতুন পয়গাম,মালদা: মালদা ‘সংস্কৃতি সদন’ ( মুক্তমঞ্চ) কক্ষে অনুষ্ঠিত হয় বার্ষিক ‘চাঁই সাহিত্য সভা ২০২৬’। উক্ত সভার আয়োজন করে চাঁই গবেষক মঞ্চ।উক্ত অনুষ্ঠানে বিহার,ঝাড়খণ্ড ও প্রতিবেশী দেশ নেপাল থেকে আগত চাঁই সম্প্রদায়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, চাঁই জাতির হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে চাঁই সংগ্রহশালারও উদ্বোধন হয়। সংগ্রহশালায় বিভিন্ন রকমের চাঁইদের মধ্যে ব্যবহৃত গয়না, মাটির শস্যাধার বা কোঠি,সিক্কা, বসন বুড়ি,ম্যাউনি,কাট্ঠা স্থান যেমন পেয়েছে তেমনি দুধ ওড়কা, খ্যাপরি ধ্যারনা,ব্যাসনির মতো ঘরগৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস যা আজ হারিয়ে যেতে বসেছে। সংগ্রহশালার
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক কুমার রায়। আগত অতিথিদের চাঁই প্রথা মতো বরণ করা হয় পান সুপারি দিয়ে। চাঁই ভাষা-সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য দানের জন্য এ বছর ‘চাঁইজ্যোতি সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয় কবি চন্দন মণ্ডলকে। ‘চাঁইজ্যোতি মরণোত্তর সম্মাননা’ প্রদান করা হয় প্রখ্যাত আলকাপ শিল্পী ধনঞ্জয় মণ্ডল ‘ঝাঁকসু’ এবং প্রাক্তন বিধায়ক জোখিলাল মণ্ডলকে। তাছাড়া চাঁই ভাষা-সাহিত্য,শিক্ষা,শিল্প প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘চাঁইজ্যোতি সম্মাননা’ প্রদান করা হয় মোট দশজনকে।এদিন এই অনুষ্ঠানে ‘চাঁইজ্যোতি’ সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যাও প্রকাশিত হয়। প্রকাশিত হয় মধুসূদন মণ্ডলের গবেষণাধর্মী গ্রন্থ ‘চাঁই সমাজের ইতিহাস ও ঐতিহ্য’ , শত্রুঘ্ন মণ্ডলের লেখা চাঁই ভাষায় সংক্ষিপ্ত রামায়ণ ও চন্দন মণ্ডলের গানের সংকলন ‘চিকাস’। অনুষ্ঠানে চাঁই ভাষায় গীত, গানে ও বক্তব্যে অনুষ্ঠান ছিল পূর্ণ। এই প্রসঙ্গে চাঁই গবেষক মঞ্চে’র সভাপতি ড. সমীরকুমার মণ্ডল বলেন,আমাদের লক্ষ্য ‘বিশ্ব চাঁই সম্মেলন করা ও চাঁই ভাষা-সাহিত্য ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রসার’। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন ড.বিপ্লবকুমার মণ্ডল ও মোহন মণ্ডল।








