পদে যোগ দিচ্ছেন না অনিকেত মাহাত স্বাস্থ্য দফতরকে চিঠি, কোর্টের নির্দেশ নিয়ে ধন্ধ
নতুন পয়গাম, কলকাতা: সিনিয়র রেসিডেন্ট (এসআর) পদে আর যোগ দিতে ইচ্ছুক নন অনিকেত মাহাত। শনিবার এই সিদ্ধান্ত জানিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠিয়েছেন তিনি। তার এক দিন আগেই সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অনিকেত। ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ভাবে পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানালেন তিনি।
চিঠিতে অনিকেতের অভিযোগ, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি ওই পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, মেধার ভিত্তিতে তিনি আরজি কর-এর অ্যানাস্থেসিওলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁকে সেখানে কাজের সুযোগ দেওয়া হয়নি। বদলে তাঁকে রায়গঞ্জে পোস্টিং দেওয়া হয়। অনিকেতের দাবি, এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফল। তাই তিনি রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন।
হাই কোর্টের পর মামলাটি গড়ায় সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দেয়, অনিকেত মাহাতোকে আরজি কর-এই সিনিয়র রেসিডেন্ট হিসেবে পোস্টিং দিতে হবে। তবে আদালতের সেই নির্দেশের পরেও এখনও পর্যন্ত কোনও নিয়োগপত্র তাঁর হাতে আসেনি বলে দাবি অনিকেতের।
চিঠিতে তিনি অনুরোধ করেছেন, নিয়ম মেনে তাঁকে অবিলম্বে সিনিয়র রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং ভবিষ্যতে যেন কোনও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে না হয়, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হোক।
এদিকে শনিবার সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সমাজমাধ্যমে একটি পোস্ট করে দাবি করে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনিকেতকে আরজি কর-এই সিনিয়র রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে সেই তথাকথিত নিয়োগপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনিকেত নিজেই সেই চিঠি প্রকাশ করে জানান, সরকারের তরফে তিনি কোনও আনুষ্ঠানিক নিয়োগপত্র পাননি।
তাঁর কথায়, স্বাস্থ্য ভবনের আধিকারিকদের কাছে তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। শনিবার রাত পর্যন্ত স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি দেখা যায়নি। পাশাপাশি আরজি করের অধ্যক্ষও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।








