পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে
নতুন পয়গাম, হাসান লস্কর, মেদিনীপুর: পিতা-মাতার স্মৃতিকে অমর করে রাখতে এক অনন্য উদ্যোগ নিলেন এক পুলিশকর্মী। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার শ্যামপুর এলাকার বাসিন্দা রঞ্জিত মাইতি তাঁর প্রয়াত বাবা অচিন্ত্য মাইতি ও মা আরতি মাইতির স্মরণে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। স্থানীয় ক্লাব শ্যামপুর রামকৃষ্ণ মিত্র সংঘ-এর ব্যবস্থাপনায় শ্যামপুর ডায়মন্ড ক্লাব সংলগ্ন মাঠে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। টুর্নামেন্টে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা ও ট্রফি, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা ও ট্রফি এবং তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকা ও ট্রফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক বিশেষ পুরস্কার।
নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম রঞ্জিত মাইতির। অনেক কষ্টে বাবা-মা তাকে বড় করে তোলেন। পরবর্তীতে তিনি পুলিশ বিভাগে চাকরি পান এবং কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় পোস্টিং হওয়ায় বাবা-মায়ের যথাযথ সেবা করার সুযোগ পাননি। সেই আক্ষেপ থেকেই তাঁদের শেষ ইচ্ছা পূরণ ও স্মৃতিকে সম্মান জানাতে গত দুই বছরের মতো এ বছরও এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দায়িত্বপূর্ণ চাকরির কারণে তিনি নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও এলাকার মানুষ ও পরিবারের সদস্যরাই সম্পূর্ণ আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠান পরিচালিত হওয়া যে কতটা আবেগঘন, তা অনুভব করছেন এলাকাবাসীও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরি থানা-র ওসি, কোস্টাল থানা-র ওসি, স্থানীয় বিধায়ক, সভাধিপতি, প্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।








