পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায়
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায়। মনে করা হচ্ছে কষ্টি পাথরের মূর্তিটি অষ্টম অথবা দ্বাদশ শতাব্দীর হতে পারে। জানা গেছে, গত কয়েকদিন ধরে পান্ডুয়ার মন্ডলাই গ্রামের একটি পুকুর খননের কাজ চলছিল। শনিবার সকালে জেসিবি নামিয়ে যখন পুকুরের মাটি তোলা হচ্ছিল, সেই সময় নজরে আসে মূর্তিটি। এই খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামবাসীরা জড়ো হয়। তারপর মূর্তিটিকে ধুয়ে পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে রেখে গ্রামবাসীরা মূর্তিটিকে পূজো করেন।
প্রায় পাঁচ ফুট উচ্চতার কালো রংয়ের কষ্টিপাথরের এই মূর্তিটি বহু মূল্যের বলেই মনে করছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচরে এসেছে। পুরাতত্ত্ব বিভাগেও জানানো হয়েছে বলে জানা গেছে। হঠাৎ এই প্রাচীন মূর্তি কোথা থেকে এলো? স্থানীয় গ্রামবাসীরা জানান, এক সময় পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে অনেক মন্দির ছিল।সেই মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। পাশ দিয়ে বয়ে গেছে নদী। পাল এবং গুপ্ত বংশের রাজত্বকালে এই এলাকা ছিল হিন্দু দেব-দেবীদের উপাসনার জায়গা। কোন মন্দিরে এই কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ছিল এবং তা মাটির তলায় চাপা পরে যায়। পুকুর খনন করতে গিয়ে সেই মূর্তিটি আজ উঠে আসে।








