রুশ হামলায় মার্কিন কারখানা ধ্বংস
নতুন পয়গাম, কিয়েভ, ২৩ আগস্ট: রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেল মার্কিন বহুজাতিক কোম্পানি ফ্লেক্স (Flex)-এর একটি বিশাল কারখানা। ইউক্রেনের মাটিতে দাঁড়িয়ে থাকা এ কারখানাটি ছিল বহুজাতিক ব্র্যান্ডগুলোর উৎপাদন কেন্দ্র, যেখানে তৈরি হত নাইকি-র ফিটনেস ট্র্যাকার, গুগল-এর স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্র, লেনোভো-র ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে বহুল ব্যবহৃত কফি মেশিন পর্যন্ত।
কারখানাটি চলতি বছরের এপ্রিল মাসেই নতুনভাবে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল, উৎপাদন বাড়ানোর আশায়। অথচ মাত্র ৫ মাসের মধ্যেই রুশ হামলায় সেটি পরিণত হল ধ্বংসস্তূপে।
হামলার সময় ওই কারখানায় উপস্থিত ছিলেন প্রায় ৬০০ কর্মী। বিস্ফোরণের তীব্র শব্দ শুনে তারা পড়িমরি করে হন্যে হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়তে থাকেন। প্রাণহানি এড়ানো গেলেও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিশ্লেষকরা বলছেন, এ হামলা শুধু একটি কারখানার ক্ষতি নয়; বরং বৈশ্বিক প্রযুক্তি ও ভোক্তা পণ্যের সরবরাহ ব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলবে। যুদ্ধের আঘাত এবার সরাসরি ছুঁয়ে গেল আন্তর্জাতিক কর্পোরেট জগৎকে। ইউক্রেনীয় শ্রমিকদের জন্য এই রুশ হামলায় সেখানকার কর্মীদের চাকরির অনিশ্চয়তা আরো প্রকট হল।








