উ:মা: তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ
১ম স্থানে হুগলীর প্রীতম, প্রথম দশে ৫৫ রামকৃষ্ণ মিশনের
নতুন পয়গাম, কলকাতা:
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল প্রকাশ হল। দেখা যাচ্ছে অনবদ্য রেজাল্ট করেছে রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। এই পরীক্ষায় রাজ্যের মেধা তালিকা বা প্রথম দশে থাকা ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। আর ২৪ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের। শুক্রবার ফল প্রকাশের পরে এর ব্যাখ্যা দিতে গিয়ে সংসদ সভাপতি বলেন, ‘বিজ্ঞানের ছাত্রছাত্রীরা জয়েন্টের প্রস্তুতি নিয়েই থাকে। এবার বিজ্ঞানের প্রশ্নপত্রের কিছুটা অংশ জয়েন্টের ধাঁচে ছিল। এই স্কুলগুলি বিশেষ প্রস্তুতি নেওয়ায় ফল এত ভালে হয়েছে। সার্বিকভাবেও বিজ্ঞানের পড়ুয়াদের ফল ভালে হয়েছে।’
এবার পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ৪৫ হাজার ৮৩২ জন। যদিও পরীক্ষার্থী হিসেবে নাম ছিল মোট ৬ লক্ষ ৬০ হাজার ২৬০ জনের। পাশের হার ৯৩.৭২ শতাংশ। তবে চমকপ্রদ ফল করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। রাজ্যের মধ্যে ৯৬.৭২ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে এই জেলা। পাশের হারে দ্বিতীয় নদীয়া ৯৬.৬৪। তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে কলকাতা ৯৩.৭৭ শতাংশ। তবে রাজ্যের রাজধানী শহর থেকে মাত্র চারজন প্রথম দশে থাকলেও সার্বিকভাবে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
প্রসঙ্গত, প্রথম স্থানে থাকা দুই ছাত্র হুগলির প্রীতম বল্লভ এবং পূর্ব মেদিনীপুরের আদিত্যনারায়ণ জানা, দু’জনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ইকো-স্ট্যাট-ম্যাথ বিষয় বিন্যাস নিয়ে তারা ১৯৫-র মধ্যে ১৯৩ পেয়েছে , যা শতাংশের হিসেবে ৯৮.৯৭। প্রথম দশে ছাত্রী মাত্র তিনজন। কমার্স থেকে রয়েছেন মাত্র একজন। বাকিরা সবাই বিজ্ঞানের ছাত্র। পাশের হারেও বিজ্ঞান শাখার পড়ুয়ারা শীর্ষে ৯৮.৮০ শতাংশ। এর পরে যথাক্রমে রয়েছে কমার্স ৯৪.১৯ শতাংশ এবং আর্টস ৯২.৫৪ শতাংশ।
এবার এমসিকিউ টাইপ প্রশ্ন হওয়ায় পাশের হার বাড়লেও প্রচুর খুব বেশি ওঠেনি। ৬০ শতাংশ বা তার বেশি পেয়েছে ৪১.১৬ শতাংশ পরীক্ষার্থী। ৭৫ শতাংশ বা তার বেশি পেয়েছে ১০.৪ শতাংশ। ৯০ শতাংশ বা তার বেশি পেয়েছে মাত্র ০.৪৮ শতাংশ।








