বইমেলায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ
নতুন পয়গাম, কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মুসলিম ও খ্রিষ্টান সমাজের বিরুদ্ধে ‘অকথ্য ভাষায় লিখিত বিদ্বেষপূর্ণ ও ইতিহাস বিকৃত করা পুস্তক’ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অভিযোগ জানিয়েছে অনেকেই। শোনা যাচ্ছে, বইমেলা কর্তৃপক্ষ অর্থাৎ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড গত দু-বছর ধরে ‘বিশ্ব হিন্দু বার্তা’ নামে একটি সংস্থাকে বইমেলা প্রাঙ্গণে বই বিক্রির অনুমতি দিচ্ছে। এই স্টল থেকে দেদার বিক্রি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য গেরুয়া হিন্দুত্ববাদী সংগঠনের ঘৃণা বিদ্বেষ ছড়ানো ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষার পুস্তক। সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম ও খ্রিষ্টানদের বিরুদ্ধে অকথ্য ভাষায় লিখিত ও বিদ্বেষপূর্ণ ইতিহাস বিকৃত করা পুস্তকাবলি এখানে বিক্রি করা হচ্ছে অভিযোগ।’
প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবারও বিশ্ব হিন্দু বার্তার স্টলে গিয়ে দেখা যায়, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের অনেক রকম পুস্তক বিক্রি হচ্ছে। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আরএসএসের সম্পর্ক নিয়েও একটি পুস্তিকা রয়েছে। অভিযোগ পেয়েও গিল্ড সভাপতি প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি হননি। তিনি বলেন, এখানে বিভিন্ন স্টল বিভিন্ন বই বিক্রি করবে। এতে আমরা কী করতে পারি। তাঁকে বলা হয়, বিশ্ব হিন্দু বার্তার স্টল থেকে বিদ্বেষ ও বিভাজন ছড়ানো হচ্ছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
তখন আয়োজক সংস্থা গিল্ডের তরফে বলা হয়, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের আলাদা সেল আছে, পুলিশ আছে, আপনারা তাদের কাছে গিয়ে অভিযোগ করতে পারেন। কিন্তু আয়োজক সংস্থার কোনো দায় দায়িত্ব নেই? এ প্রশ্ন শুনে গিল্ডের তরফে সুধাংশু শেখর দে লিখিত অভিযোগ করতে বলেন।
সুধাংশু দে অভিযোগকারীদেরকে এও জানান, কলকাতা বইমেলার প্রকৃত আয়োজক পুস্তক প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনিও গিল্ডকে লিখিতভাবে অভিযোগ করার পরামর্শ দেন। সেই মতো এ বিষয়ে গিল্ড অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।








