ইউজিসি-র খসড়ায় সাভারকর, দীনদয়াল ফের ইতিহাস বিকৃতি ও গৈরিকীকরণের অভিযোগ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৩ আগস্ট: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র পাঠ্যক্রম সংক্রান্ত খসড়া প্রস্তাবে এবার অন্তর্ভুক্ত হল বিডি সাভারকর, দীনদয়াল উপাধ্যায়দের প্রসঙ্গ। যাকে কেন্দ্র করে ফের শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ এবং ইতিহাস বিকৃতির অভিযোগ উঠছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এক্ষেত্রে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে প্রস্তাবিত ওই খসড়ায় আরএসএস-এর অন্যতম প্রতিষ্ঠাতা সাভারকারকে দেশের স্বাধীনতা সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশপ্রেমী বা স্বাধীনতা আন্দোলনের বরেণ্য নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, জাতীয়তাবাদ গঠনে মহাত্মা গান্ধীর মতাদর্শের বিপক্ষে ছিলেন বলেই তাঁকে নিয়ে এতকাল অনেক বিতর্ক হয়েছে। তাই ভুল শুধরে নিয়ে এখন ‘সত্য ইতিহাস’ তুলে ধরতে সচেষ্ট হয়েছে কেন্দ্র সরকারের অধিনস্ত শিক্ষা সংক্রান্ত কমিটি ও সংস্থাগুলো।
উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান, নৃতত্ত্ব, রসায়নবিদ্যা, বাণিজ্য-সহ মোট ন’টি বিষয়ের সিলেবাস বা পাঠ্যক্রম সংক্রান্ত খসড়া প্রস্তাব ২০ আগস্ট প্রকাশ করে ইউজিসি, যার নাম দেওয়া হয়েছে, ‘লার্নিং আউটকামস বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক’। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই খসড়া প্রস্তাবের উপর সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। তা খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ও ইউজিসি।
সরকারি সূত্রে খবর, সিলেবাসের খসড়ায় বাণিজ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র, রয়াসনে বোরের তত্ত্বের পাশাপাশিই প্রাচীন ভারতের বিজ্ঞানও পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র প্রসঙ্গে বলা হয়েছে, অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। গণিতের ক্ষেত্রে প্রাচীন ভারতের বিভিন্ন মন্দিরের কারুকার্যের সমীকরণ তুলে ধরতে বলা হয়েছে।
যদিও সব ছাপিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে সাভারকর এবং দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গে।
রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকস্তরের প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে এই দু’জনের প্রসঙ্গ অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনদর্শন এবং অবদান সম্পর্কে পড়ুয়াদের নিবিড় চর্চা প্রয়োজন। তাঁর একাত্ম মানব দর্শনকে বিস্তারিতভাবে জানা প্রয়োজন। একইভাবে সাভারকর প্রসঙ্গেও বলা হয়েছে, দেশের স্বাধীনতার আগে-পরে তাঁর বৈপ্লবিক যাত্রা ও রাজনৈতিক চিন্তাভাবনা, মতাদর্শ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবশ্যই অবগত থাকা উচিত। আন্দামানের সেলুলার জেল থেকে বেরনোর পর তিনি হিন্দু জাতীয়তাবাদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ইউসিজি-র এই বিতর্কিত খসড়া প্রস্তাবের বিরোধিতায় ২৫ আগস্ট থেকে আন্দোলনে নামছে বাম-কংগ্রেস তথা বিরোধী জোটের ছাত্র সংগঠনগুলো।








