হুসলুডাঙ্গা টোল প্লাজায় ওভারলোডিংয়ের নামে হয়রানির অভিযোগ, কর্তৃপক্ষের অস্বীকার
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
ধূপগুড়ি হুসলুডাঙ্গা টোল প্লাজায় সবজি বোঝাই গাড়িগুলিকে অযথা ওভারলোডিংয়ের অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বহু পণ্যবাহী গাড়িচালক। তাঁদের দাবি, ধূপগুড়ি থেকে কাঁচা সবজি নিয়ে বিভিন্ন জেলা ও পাহাড়ি এলাকায় যাওয়ার পথে টোল প্লাজায় ফাস্টট্যাগ কাটার পরও হঠাৎ ওভারলোড দেখিয়ে গাড়ি আটকে দেওয়া হয়।
চালকদের অভিযোগ, ওভারলোড ধরা পড়লে গাড়ি কাটায় তোলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কাটায় তুলতেই জানানো হয়, “কারেন্ট নেই”—ফলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে কাঁচা সবজি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। অনেকে বাধ্য হয়ে ৪৫০ টাকা অতিরিক্ত দিয়ে দ্রুত বেরিয়ে যেতে বাধ্য হন বলেও অভিযোগ।
একজন গাড়িচালক বলেন, “আমাদের সবজি সময়মতো না পৌঁছলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। অথচ এখানে এসে ইচ্ছাকৃতভাবে দেরি করানো হচ্ছে। বাধ্য হয়ে টাকা দিয়ে যেতে হচ্ছে।”
তবে টোল প্লাজা কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। প্লাজার ম্যানেজার জানান, “সব অভিযোগই ভিত্তিহীন। আমাদের টোল প্লাজা সম্পূর্ণ নিয়ম মেনে চলে। এদিন কাটার ভিতরের কারেন্টের তার ইঁদুর কেটে দেওয়ায় সমস্যা হয়েছিল। পরে ইলেকট্রিশিয়ান ডেকে তা মেরামত করা হয়েছে।”
টোল প্লাজায় চালকদের এই অভিযোগে ইতিমধ্যেই ক্ষোভ বাড়ছে। তবে কর্তৃপক্ষের পাল্টা দাবি—অভিযোগের কোনও ভিত্তি নেই।








