পশ্চিমবঙ্গ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে বৈষম্যের অভিযোগ, ডেপুটেশন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে
নতুন পয়গাম, কলকাতা:
গত ৭ তারিখ পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিএইচআরবি)-এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল টেকনোলজিস্ট পদের শূন্যস্থান পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রেডিওগ্রাফার, ডায়ালাইসিস, ওটি, ক্রিটিকাল কেয়ার, ইসিজি, ইইজি, ক্যাথল্যাব, পারফিউসন টেকনোলজিস্ট প্রভৃতি বিভাগে মোট ৫৮৫টি শূন্যপদে নিয়োগের এই বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
টেকনোলজিস্টদের একাংশের অভিযোগ, ডিপ্লোমা হোল্ডারদের তুলনায় ব্যাচেলর ডিগ্রিধারীদের অতিরিক্ত ১০ নম্বর সুবিধা দেওয়া হয়েছে। বিএসসি ডিগ্রিধারীদের জন্য একাডেমিক নম্বরের সর্বোচ্চ সীমা ৫০ রাখা হলেও ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে তা ৪০ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ডিপ্লোমাধারীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন বলে তাঁদের আশঙ্কা।
এই বৈষম্যের প্রতিবাদে গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ মেডিকেল টেকনোলজিস্টদের একদল প্রতিনিধি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, বৈষম্যমূলক বিজ্ঞপ্তি বাতিল করে সমানাধিকারের ভিত্তিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) চালু করা হোক।
হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব জানিয়েছেন, নিয়োগ পদ্ধতি স্বাস্থ্য ভবন, বোর্ড ও সরকারি আধিকারিকদের যৌথভাবে নির্ধারণ করা হয়, তাই এককভাবে তিনি তা পরিবর্তন করতে পারবেন না। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, সম্ভব হলে কম্পিউটার ভিত্তিক (CBT) পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে সরকারের অনুমোদন পাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।








