কালিয়াচক হাইস্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, কালিয়াচক:
কালিয়াচক হাইস্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ছাত্রকে মারধরের অভিযোগও উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ফর্ম ফিল-আপকে কেন্দ্র করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মালদার কালিয়াচক হাইস্কুলের বিরুদ্ধে। অভিযোগের সূত্রে শনিবার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমরান শেখ জানান, সরকারি নির্ধারিত ফি ২১৫ টাকা এবং সেন্টার ফি ২৫ টাকা মিলিয়ে মোট ফি দাঁড়ায় ২৪০ টাকা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ ছাত্রদের কাছ থেকে ৫০০ টাকা এবং অনুত্তীর্ণ ছাত্রদের কাছ থেকে ৯০০ টাকা নিচ্ছে বলে অভিযোগ। ইমরান শেখের দাবি, বিষয়টি জানতে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগারের কাছে প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ, প্রধান শিক্ষক তাঁকে কলার ধরে টেনে মারধর করেন। একই সঙ্গে স্কুল শিক্ষকরা অতিরিক্ত টাকা নেওয়ার পরও কোনো রসিদ বা রিসিভ কপি দিচ্ছেন না বলেও অভিযোগ করেন ছাত্রছাত্রীরা।
এই বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার কোনো মন্তব্য করতে চাননি। ঘটনা সামনে আসতেই স্কুলে উত্তেজনা ছড়িয়েছে।








