চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু অভিযোগ, ডোমকলে তীব্র উত্তেজনা
নতুন পয়গাম, ডোমকল: চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে ডোমকলে চার মাসের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার নওদাপাড়া এলাকার ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হুমায়ুন কবিরের রেমবো ক্লিনিকে। শিশুটির মৃত্যুর পর মুহূর্তের মধ্যেই ক্লিনিক চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, অসুস্থ শিশুকে চিকিৎসা করানোর জন্য সকাল প্রায় ১১টা নাগাদ রেমবো ক্লিনিকে নিয়ে যাওয়া হলেও দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করানো হয়। শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে বারবার অনুরোধ জানানো হলেও চিকিৎসকের কর্মচারীরা তা উপেক্ষা করেন। পরিবারের দাবি, গুরুতর অসুস্থতার কথা জানানোর পরেও কোনওভাবেই আগে চিকিৎসকের কাছে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও দেখা না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
শিশুর পরিবার জানায়, ক্লিনিকের সামনেই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা সত্ত্বেও তারা চিকিৎসক হুমায়ুন কবিরের উপর ভরসা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ভরসাই কাল হয়ে দাঁড়ায়। পরিবারের আরও অভিযোগ, ক্লিনিকে টাকা দিয়ে অন্য অনেক রোগীকে যাতায়াত করতে দেওয়া হলেও ওই গুরুতর অসুস্থ শিশুর ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয়নি। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে। যেখানে প্রাইভেট ক্লিনিকে অর্থের বিনিময়ে চিকিৎসা দেওয়া হয়, সেখানে কী এমন ভিড় ছিল যে কয়েক ঘণ্টা ধরে একটি চার মাসের শিশুকে দেখা সম্ভব হয়নি– এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক হুমায়ুন কবির। তাঁর বক্তব্য, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ছিল এবং বিষয়টি চিকিৎসাগত জটিলতার ফল। তবে পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতিই মৃত্যুর মূল কারণ। ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ক্লিনিকের কর্মচারীদের ভূমিকার বিরুদ্ধেও প্রশ্ন তুলেছে এবং এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। খবর পেয়ে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।








