মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ রবিবার সারা বাংলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হুগলি জেলার মানকুন্ডু আম্রপালী গ্রাউন্ডে। চন্দননগর চেস লাভার্স-এর উদ্যোগে সৌম্যকান্তি গুপ্ত মেমোরিয়াল সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। দাবাপ্রেমীদের উপস্থিতিতে সারাদিন ব্যাপি এই প্রতিযোগিতায় ছোট থেকে বড়, সব বয়সের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও প্রতিদ্বন্দ্বিতার আবহ। এদিন প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের মহানাগরিক রাম চক্রবর্তী। তিনি প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দাবার মতো মননশীল খেলাধুলা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং নতুন প্রজন্মকে এই খেলায় উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বৃহৎ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।








