মমতার প্রশংসায় মানিক সরকারের মন্তব্য নিয়ে অস্বস্তিতে আলিমুদ্দিন
নতুন পয়গাম, কলকাতা: ভোটের মুখে বাম শিবিরে অস্বস্তির পারদ আরও চড়ল। সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে চাপের মধ্যেই এবার নতুন বিতর্ক উসকে দিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করে তিনি কার্যত দলীয় অবস্থানের পাল্টা সুরে কথা বলেছেন।
মমতার সেই উদ্যোগকে ‘কার্যকরী’ বলে উল্লেখ করে মানিক সরকার জানান, এই পদক্ষেপকে ছোট করে দেখা যায় না। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবেই শীর্ষ আদালতে নিজের বক্তব্য তুলে ধরেছেন মমতা। তাঁর দাবি, মূল সমস্যাগুলি ছয়-সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে মানিক সরকার এও বলেন, মমতার আদালতে যাওয়ার সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। দেরি হলেও যে প্রতিবাদের চেষ্টা করা হয়েছে, তা খাটো করে দেখার পক্ষপাতী তিনি নন বলে জানান মানিক।
তাঁর মন্তব্য, “ভবিষ্যতে কী দাঁড়ায়, সেটা দেখা দরকার।” মানিক সরকারের এই বক্তব্যেই অস্বস্তি বেড়েছে রাজ্য সিপিএমের অন্দরে। দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, “আমরা কখনও বলিনি, উনি ভুল করেছেন। কিন্তু অনেক দেরিতে গিয়েছেন। যখন প্রশাসনিক প্রধান হিসেবে হস্তক্ষেপ জরুরি ছিল, তখন তা করেননি। আমাদের মতে পুরো বিষয়টাই নাটকীয় ছিল।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সিপিএমের অন্য নেতাদের মানিক সরকারের কাছ থেকে শেখা উচিত।”








