সামনে আমেরিকা, পাকিস্তানের মাথা ব্যথার কারন এক ‘পাকিস্তানি’
নতুন পয়গাম ডেস্ক: গত বিশ্বকাপের কথা মনে আছে! এই আমেরিকার কাছে সুপার ওভারে বিদায় নিয়েছিল পাকিস্তান। আজ সামনে আবার সেই আমেরিকা।এবার আরও সংগঠিত।নাকানিচোবানি খাইয়েছে বিশ্বসেরা ভারতকে। মঙ্গলবার প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে সলমন আগাদের প্রতিপক্ষ সেই আমেরিকা। দু’বছর আগের সেই আতঙ্ক এখনও তাড়া করছে পাক ক্রিকেটারদের। তাছাড়া ভারতের বিরুদ্ধে ১৬১ রানেই আটকায় ভারতকে। সূর্যর চোয়ালচাপা লড়াই টিম ইন্ডিয়াকে জিতিয়েছিল ঠিকই, তবে আমেরিকার লড়াই প্রশংসিত হয়েছিল ক্রিকেট মহলে। মার্কিন হামলায় এবারও পাকিস্তানের ভারডুবির আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এমনিতেই চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বাঁধা টপকাতে কালঘাম ছুটেছিল বাবরদের। ফাহিম আশরাফের ঝোড়ো ২৯ রান লজ্জার হাত থেকে বাঁচিয়েছিল পাকিস্তানকে। আমেরিকার বিরুদ্ধে লড়াই তুলনায় অনেক কঠিন। ব্যাটাররা ভুল শুধরে নিতে না পারলে পাক দল সমস্যায় পড়বে। বাবর আজমকে নিয়ে অসন্তোষ বাড়ছে পাক শিবিরে। গত ম্যাচে করেছিলেন মাত্র ১৫ রান। ব্যর্থ হয়েছিলেন ক্যাপ্টেন সলমন আগাও। পাকিস্তানের বোলিং অবশ্য বেশ শক্তিশালী। তাই আমেরিকার ব্যাটারদের কাজটাও সহজ হবে না। তবে এই ম্যাচ পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পাক সরকার ঘোষণা করেছে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে দল নামাবে না(যদিও বরফ গলছে)। সিদ্ধান্তে অনড় থাকলে পাকিস্তানের পয়েন্ট কাটা যাবে। সেক্ষেত্রে সুপার এইটে ওঠার জন্য আমেরিকার বিরুদ্ধে তাদের জেতা জরুরি। একইসঙ্গে সলমন আগারা জানেন, আমেরিকাকে হারালে এক ঢিলে দুটো পাখি মরবে। নিশ্চিত হবে সুপার এইটের টিকিট। সেই সঙ্গে আইসিসি’র সঙ্গে দরাদরিতে সুবিধা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সেই কারণেই মঙ্গলবারের ম্যাচ টি-২০ বিশ্বকাপের জন্য হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।
তবে আজ পাকিস্তানের কাঁটা হতে পারেন এক পাকিস্তানি।তিনি এহসান আদিল।পাকিস্তানের হয়ে একদা খেলা ফাস্ট বোলার এখন আমেরিকার বাসিন্দা।
আজ বিশ্বকাপেঃ
পাকিস্তান বনাম ইউএসএ।
খেলা শুরু সন্ধ্যা ৭ টায়।
সম্প্রচার স্টার স্পোর্টস ও জিও হটস্টারে।








